ফিলাডেলফিয়ায় ‘জালালের গল্প’
যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের এই চলচ্চিত্রটি।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে আয়োজিত ১১ দিনব্যাপী ‘ফিলাডেলফিয়া এশিয়ান-আমেরিকান ফিল্ম ফেস্টিভাল’র চতুর্থ দিন, রোববার, প্রদর্শিত হয়েছে আবু শাহেদ ইমন পরিচালিত বাংলাদেশের চলচ্চিত্র ‘জালালের গল্প।’
‘জালালের গল্প’ পর্দায় ভেসে ওঠার আগে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া-আমেরিকা বিষয়ক উপদেষ্টা ড. নীনা আহমেদ। এ সময় তিনি বাংলাদেশের তরুণ চলচ্চিত্র পরিচালক ইমনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ এখন নানাভাবে সামনে এগিয়ে যাচ্ছে। জীবনধর্মী চলচ্চিত্র ‘জালালের গল্প’ এ উৎসবে সে সাক্ষ্যই দেবে বলে আশা করছি।’
ফিলাডেলফিয়া চলচ্চিত্র উৎসবে ‘জালালের গল্প’ ছবির প্রেক্ষাপট উপস্থাপন করছেন পরিচালক আবু শাহেদ ইমন।
এরপর ফিলাডেলফিয়ার সমাজকর্মী জান্নাতুল ফেরদাউস মঞ্চে উঠে বলেন, “এই প্রবাসে বহুজাতিক চলচ্চিত্র উৎসবে নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরে আমি আনন্দিত।আশা করছি, ‘জালালের গল্প’ আমেরিকার সঙ্গে বাঙালি সংস্কৃতির পরিচিতি আরও বাড়াবে।”
প্রবাসের সমাজকর্মী কামরুল ইসলাম প্রদর্শনী শেষে বলেন, ‘বাংলা চলচ্চিত্র বলতে আমরা সব সময় বুঝে এসেছি সস্তা প্রেম-ভালবাসা, উদোম নৃত্য আর মারদাঙ্গা পরিস্থিতি। অনেকদিন পর প্রবাসে নিজ দেশের একটি চলচ্চিত্র দেখলাম, যেটি পরিবার-পরিজন একত্রে উপভোগ করা যায়।’
আরেক দর্শক ইবরুল হাসান বলেন, ‘ছবিটির কাহিনির প্রয়োজনে যৌনতা বিষয়টি দেখানো হয়েছে প্রতীকীভাবে। অসাধারণ পরিচালনা শৈলীর পরিচয় দিয়েছেন চিত্র পরিচালক।’
১১ দিনের এই উৎসবে এশিয়া মহাদেশের বাছাই করা চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশ থেকে অস্কারের জন্য মনোনীত ‘জালালের গল্প’ স্থান হয় এই উৎসবে। বাঙালি ছাড়াও ভিনদেশি দর্শকরাও আপ্লুত হয়েছেন ভিন্ন আমেজের এই ছবিটি দেখে।
প্রদর্শনীতে আমেরিকায় জন্মগ্রহণকারী বাঙালি প্রজন্মের অনেকেই খুশি বাস্তবধর্মী ছবিটি দেখতে পেরে। মা কিবা বাবার সঙ্গে বসে তারা দেখেছেন ‘অদেখা’ বাংলাদেশকে।শেকড়ের দেশের সামাজিক বাস্তবরূপ দেখতে পেয়ে আলাদা এক ধরনের আনন্দ আছে -এমন মন্তব্য করেন এদেশে জন্ম এবং বেড়ে ওঠা এক কলেজ ছাত্রী।
প্রদর্শনীর শেষে উপস্থিত দর্শক-শ্রোতাদের পরিচালক ইমন জানান, আগামী বছর তার আরেকটি চলচ্চিত্র মুক্তি পাবে। ওই ছবিটির নাম ‘একজন পুলিশের গল্প।’
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
