২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দুর্ঘটনার এ সংবাদ প্রকাশ করেছে দেশটির জাতীয় পত্রিকা ‘ইল জোর্নো’।

ইতালি বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

‘ইল জোর্নো’ পত্রিকায় প্রকাশিত দুর্ঘটনার ছবি

সাইফুল ইসলাম

ইতালি থেকে

Published : 11 Aug 2023, 12:37 PM

Updated : 11 Aug 2023, 12:37 PM

দুবাই থেকে ইতালি বেড়াতে এসে রাস্তায় প্রাণ ঝরলো সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এক বাংলাদেশি নারীর, আহত হয়েছে তার পরিবারের আরও দুই সদস্য।

নিহতের নাম শাহিন শাহিলা (৩১), বাড়ি চট্টগ্রামে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মিলানের সন্দ্রিয়ো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির জাতীয় পত্রিকা ‘ইল জোর্নো’।

সংবাদটিতে বলা হয়, ওইদিন বিকেলে মিলানের সন্দ্রিয়োর মনতানিয়া ভালতেল্লিনা এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক বিদেশি পর্যটকের মৃত্যু হয়। এছাড়া আহত আরও দুইজনকে হেলিকপ্টারে করে স্থানীয় সান-জেরারদো দি মনজা হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু জানান, “প্রাথমিকভাবে পাসপোর্ট দেখে আমরা নিশ্চিত হয়েছি যে নিহতের নাম শাহিলা, তিনি তার স্বামী শিবলি ও প্রায় ৭ বছরের এক ছেলেকে নিয়ে গতকাল দুবাই থেকে ইতালিতে আসেন। পাসপোর্টসহ অন্যান্য ডকুমেন্টস পুলিশের কাছে রয়েছে। পরে হয়তো বিস্তারিত জানা যবে।”

সন্দ্রিয়ো শহরে বাস করা বাংলাদেশি জাকির আহমেদ বলেন, “দুর্ঘটনায় বাংলাদেশি শাহিলার মৃত্যুর খবর শুনেছি। আর তার স্বামী শিবলি ও আরেক সহযাত্রী ইরফান তুষারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হেলিকপ্টারে করে সান-জেরারদো হাসপাতালে নেওয়া হয়।”

জাকির জানান, বর্তমানে শাহিলার স্বামী শিবলির অবস্থা কিছুটা ভালোর দিকে হলেও সহযাত্রী ইরফান তুষার এখনও আইসিইউতে ভর্তি রয়েছেন। তবে এ ঘটনায় তার ছেলে সুস্থ রয়েছে।

এ বিষয়ে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে যোগাযোগ করা হলে তারা এখন পর্যন্ত এ ধরনের কোন খবর পায়নি বলে জানিয়েছে।