নৌকা মার্কায় প্রবাসীদের ভোট চাইলো মালয়েশিয়া আওয়ামী লীগ
সংবাদ সম্মেলন করে প্রবাসীদের কাছে আওয়ামী লীগ সরকারের করা উন্নয়ন তুলে ধরেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় প্রবাসীদের ভোট চেয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ।
রোববার বিকেলে কুয়ালালামপুরে একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে প্রবাসীদের কাছে আওয়ামী লীগ সরকারের করা উন্নয়ন তুলে ধরেন তারা।
এতে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান মালয়েশিয়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি কামরুজ্জামান কামাল।
তিনি বলেন, “গত ১৯ নভেম্বর মালয়েশিয়া বিএনপি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছে প্রবাসীদের মাঝে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আশা করি তারা প্রবাসীদের বিভ্রান্ত করতে পারবে না। কারণ প্রবাসীরা জানেন দেশের কী পরিমাণ উন্নয়ন হয়েছে। প্রবাসীরা দেশে তাদের পরিবারের সদস্যদের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য বলবেন নিশ্চয়। কারণ, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।”
আওয়ামী লীগ সরকারের করা নানা উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, “জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। বিএনপি সেটা বোঝেই নির্বাচনে আসতে চাচ্ছে না। তারা চায় ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশিদের সহযোগিতায় ক্ষমতায় আসতে। আর বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের উপর আস্থা রাখে। আমরা মালয়েশিয়া আওয়ামী লীগ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সহ সভাপতি আক্তার হোসেন, কাইয়ুম সরকার, মনিরুজ্জামান মনির, জালান উদ্দিন সেলিম, সাখাওয়াত হক জোসেফ, শওকত আলী তিনু, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, প্রদীপ বিশ্বাস, আমিন সিকদার, জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি বিএম বাবুল হাসান, সোহাগ সরকার, মশিউর রহমান লিংকন, রুহান আহমেদ, আপেল মাহমুদ, মওদুদ মোল্লা, খোরশেদ আলম ও আবুল বাসার।
