‘জনগণের ক্ষতি রুখতে’ মাঠে থাকার ঘোষণা যুবলীগের
বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর যুবলীগের এ হুঁশিয়ার এল।
বিএনপি-জামায়াত জনগণের ‘ক্ষতি করার চেষ্টা করলে’ রাজপথে থেকে জবাব দেওয়ার হুঁশিয়ার দিয়েছে যুবলীগ।
শুক্রবার ফার্মগেইটে ঢাকা মহানগর উত্তর যুবলীগের আয়োজনে 'দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদ' সমাবেশ থেকে এ হুঁশিয়ার দেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জগায় দলটির নেতাকর্মীরা। এর প্রতিবাদে যুবলীগের সমাবেশ থেকে এ হুঁশিয়ার দেওয়া হল।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনটির চেয়ারম্যান বলেন, “বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে যখন বাংলাদেশ পৃথিবীতে উৎকৃষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা ও মানবিকতার উদাহরণ দেখিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র।
"উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই মুহূর্তে বিএনপি তাদের মিথ্যাচার শুরু করেছে। তিন চার বছর ধরে আপনাদের খবর নেই... এসি রুমে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা এঁকেছেন।”
পরশ বলেন, “নির্বাচন এলেই জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সন্ত্রাস করেন। এ কারণেই এদেশের জনগণ আপনাদের প্রত্যাখান করেছে। আগামী দিনেও জনগণ আপনাদের পাশে থাকবে না।"
শুক্রবার থেকে বিএনপির আন্দোলন ‘প্রতিহত’ করার ঘোষণা দিয়ে যুবলীগের চেয়ারম্যান বলেন, "আজ থেকে আমরা মাঠেই থাকব, মাঠে থেকেই আপনাদের সকল নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ ধরে পরশ বলেন, “বিদেশে থেকে সে আপনাদের বিপথগামী করছে, জনগণকে বিভ্রান্ত করছে। সে (তারেক রহমান) যদি এতই বড় নেতা হয়ে থাকে, তাহলে দেশে আসুক, আমাদের মোকাবেলা করুক।”
বিএনপি-জামায়াত কর্মীরা পুলিশের ওপর হামলা করছে অভিযোগ করে যুবলীগ নেতা বলেন, “জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছে, বিএনপি-জামায়াত যেন সেটা ধ্বংস করতে না পারে। যদি বিএনপি-জামায়াত এদেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙ্গা জবাব দেবে।"
