প্রচারের দরকার আছে? আওয়ামী লীগ ক্ষমতায় চলে গেছে: সিপিবি সভাপতি
নিরপেক্ষ সরকার ছাড়া মানুষ ভোট দিতে পারবে না বলেও মনে করেন সিপিবি সভাপতি। তিনি বলেন, “এ অভিজ্ঞতা মানুষের আছে। এটা নতুন বিষয় নয়।”
যেভাবে নির্বাচন হচ্ছে তাতে প্রচারের আর কোনো দরকার নেই বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম।
শুক্রবার বিকেলে নগরীর হাজারী লেইনে দলীয় কার্যালয়ে সিপিবি চট্টগ্রামের উদ্যেগে আয়োজিত কর্মিসভায় আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন।
সিপিবি নেতা বলেন, “এটা জাতীয় সংসদ নির্বাচন না একদলীয় নির্বাচন? একদলীয় নির্বাচন এজন্য বলছি যে, আওয়ামী লীগের পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটি তামাশার নির্বাচন। দেশ আজ এমন জায়গায় চলে গেছে।
“মাইকিং বা পোস্টার এগুলার কোনো প্রয়োজন আছে আর? মানুষ তো মনে করে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে গেছে। মানুষ ভোট দিলেও নির্বাচনে আওয়ামী লীগ জিতবে, না দিলেও জিতবে।”
নির্বাচন এখন ‘প্রধানমন্ত্রীর টেবিলে’ চলে গেছে মন্তব্য করে তিনি বলেন, “আমি দেশবাসীকে আহ্বান জানাই, এ ‘তামাশার নির্বাচনে’ আপনারা ভোট দিতে যাবেন না। ভোট বর্জন করুন।"
বাংলাদেশে ‘উত্তরাধিকারের রাজনীতি’ চলছে মন্তব্য করে শাহ আলম বলেন, “এটা গণতন্ত্রবিরোধী। ব্যবসায়ীদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে রাখা হচ্ছে। তারা তাদের ইচ্ছে মতো রাষ্ট্র পরিচালনা করছে।
“এখন জনগণের বিকল্প শক্তি খুবই প্রয়োজন। আজ মানুষ যদি রাজনীতি বিমুখ হয়ে যায় লাভ হবে আমলা, ব্যবসায়ীদের।”
নিরপেক্ষ সরকার ছাড়া মানুষ ভোট দিতে পারবে না বলেও মনে করেন সিপিবি সভাপতি। তিনি বলেন, “এ অভিজ্ঞতা মানুষের আছে। এটা নতুন বিষয় নয়।
“জিয়াউর রহমানের আমলে মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। তখন রাত ১১ টার মধ্যেই ফলাফল বের হয়ে যেত।
“এরশাদ আমলেও একই ঘটনার পূনরাবৃত্তি হয়েছে। ৯ বছর স্বৈরাচারি এরশাদ ক্ষমতায় ছিল। মানুষ ভোট দিতে পারেনি। এজন্য ১৯৮৯ সালে কমিউনিস্ট পার্টি স্লোগান তুলেছিল ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।’ মানুষ সে স্লোগান লুফে নিয়েছিল।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে আওয়ামী লীগ নির্বাচনকে ‘নির্বাসনে’ পাঠিয়ে দিয়েছে মন্তব্য করে সিপিবি সভাপতি বলেন, “দেশের এ সংকট নিরসনে দেশের মুক্তিকামী সকল মানুষকে নিয়ে কমিউনিস্ট পার্টি তার জোরদার আন্দোলন চালিয়ে যাবে।"
চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় কর্মিসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য মছিউদ্দৌলা, দক্ষিণ জেলার সভাপতি কানাই লাল দাশ ও সাধারণ সম্পাদক শওকত আলী।
