ভাবতেও পারি না এভাবে বলবেন: ফখরুল
বিএনপি মহাসচিবের অভিযোগ, তাদের নেত্রীকে ন্যূনতম চিকিৎসা থেকেও ‘বঞ্চিত’ করা হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “আজকে বেগম খালেদা জিয়া তার যে ন্যূনতম যে চিকিৎসা, সেই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তার যে চিকিৎসকরা আছেন, তারা খুব স্পষ্ট করে বলেছেন… বিদেশে একটা বিশেষায়িত হাসপাতালে বা কেন্দ্রে তার চিকিৎসা হওয়া দরকার।
“কিন্তু দুর্ভাগ্য এ দেশের, এই জাতির যে, এমন একজন ‘অনির্বাচিত অবৈধ’ প্রধানমন্ত্রী বসে আছেন, যার মধ্যে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার পর্যন্ত নেই। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে গতকাল (মঙ্গলবার) যে সমস্ত উক্তি করেছেন- আমরা ভাবতেও পারি না।”
জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার রোগমুক্তি কামনায় বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে কথা বলছিলেন বিএপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “কল্পনাও করতে পারি না যে, প্রধানমন্ত্রীর চেয়ারটায় অবৈধভাবে বসে থাকলেও এভাবে উক্তি কেউ করতে পারেন। এটা সমস্ত রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত।”
সরকার খালেদা জিয়াকে তার ‘প্রাপ্য চিকিৎসা’ থেকে বঞ্চিত করছে অভিযোগ করে এ বিএনপি নেতা বলেন, “এর একটাই কারণ, রাজনৈতিক প্রতিহিংসা। প্রতিমুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়াকে তিনি হিংসা করেন এবং তাকে সহ্য করতে পারেন না।
“যে কারণে আজকে তার সম্পর্কে এই সমস্ত কথা বলে, যা এদেশের মানুষ কখনও ভালো চোখে দেখে না।”
দুই দিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকার পর বুধবার বিকালে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ফিরছেন খালেদা জিয়া।
তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষাগুলো শেষ হয়েছে বিধায় বোর্ড বাসা যেতে সুপারিশ করেছেন। বিকালে ছাড়পত্র পেয়ে তিনি বাসা যাবেন।”
দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব বলেন, “যেভাবে দৈনন্দিন জিনিসপত্র চাল-ডাল-তেলের দাম বাড়ছে, যেভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে, যেভাবে সেখানে ন্যায়বিচার ভুলণ্ঠিত হচ্ছে, যেখানে হত্যা-গুম করে দেশের মানুষকে একেবারেই বলা যেতে পারে যে, জিম্মি করে রাখা হয়েছে। সেই সরকার আমাদের দেশের সব অর্জনকে ধবংস করে দিয়েছে।”
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালামসহ যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
