ভেতরে ভেতরে বড় সহিংসতার প্রস্তুতি চলছে: কাদের
“এখন হয়ত তারা প্রস্তুত হচ্ছে বড় ধরনের সহিংসতার জন্য। ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, বাইরে কথা বলছে”, বলেন তিনি।
নির্বাচন ঘিরে বিএনপির হরতাল-অবরোধের কর্মসূচির মধ্যে চলা সহিংসতার এখনো শেষ দেখছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “এখন যে সহিংসতা বন্ধ আছে, এটাকে পার্মানেন্ট বলা যায় না। এখন হয়ত তারা প্রস্তুত হচ্ছে বড় ধরনের সহিংসতার জন্য। ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, বাইরে কথা বলছে। তারা শক্তি সঞ্চয় করছে বড় ধরনের সহিংসতার।”
ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কাদের।
‘অগণতান্ত্রিক পন্থায়’ কাউকে ক্ষমতায় বসানোর দেশি-বিদেশি ‘অপতৎপরতা’ এখনও আছে মন্তব্য করে তিনি বলেন, “বাধা ও প্রতিকূলতার মুখে দেশের জনগণ সারা বাংলাদেশে যে ‘টার্ন আউট’ (ভোটের হার), সেটা অনেকেই ভাবতে পারেননি। এত অপপ্রচারের পরও ৪১ দশমিক ৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
“আমাদের এখানে অগণতান্ত্রিক পন্থায় কাউকে ক্ষমতায় বসানোর দেশি-বিদেশি অপতৎপরতা ছিল, এখনও নেই সেটা বলা যায় না। দেশের জনগণ গণতন্ত্রের অকৃত্রিম পাহারাদার হিসেবে অগণতান্ত্রিক কিছু মেনে নেয়নি, মেনে নেবে না।”
বিএনপি ও সমমনাদের বর্জন আর আন্দোলন কর্মসূচির মধ্যে গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটের আগে বিএনপির হরতাল-অবরোধের কর্মসূচির মধ্যে যানবাহন ও স্থাপনায় চলে নাশকতা, তাতে প্রাণহানিও ঘটে। এসব ঘটনার মধ্যে ভোটে জিতে ফের সরকার গঠন করে আওয়ামী লীগ।
ওই নির্বাচনকে দেশের ইতিহাসে ‘গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক’ অ্যাখ্যা দিয়ে কাদের বলেন, “দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি হতে যাচ্ছে। শেখ হাসিনার দৃঢ় সাহসিকতার কারণে আমরা দাবি করতে পারি, গণতান্ত্রিক ধারাবাহিকতা (রক্ষা হয়েছে)। নির্বাচনের পূর্বে নির্বাচনবিরোধী অপশক্তি নির্বাচন বানচালের সব ধরনের পন্থা অবলম্বন করে ব্যর্থ হয়েছে। পরে বিতর্কিত করার পাঁয়তারা করছে।”
বিএনপি নির্বাচনে অংশ নিলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হত মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “কিন্তু তাদের অনুপস্থিতিতে ভোটার শূন্য হয়নি, অপ্রতিদ্বন্দ্বিতাও হয়নি। পৃথিবীর অধিকাংশ দেশে নির্বাচনে (ভোটের হার) ৪০ শতাংশের বেশি হয় না। ইউরোপের অনেক দেশে সব দল নির্বাচনে অংশ নেওয়ার পরও ২৫-৩০ শতাংশ ভোট কাস্ট হয়।”
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
