২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপির ইশরাকের গাড়ি ভাঙচুর

হামলার জন্য ছাত্রলীগকে এ নেতা দায়ী করলেও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আগে ‘বিএনপি হামলা করতে এসেছিল’ বলে পাল্টা অভিযোগ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 09:11 PM

Updated : 04 Dec 2022, 09:16 PM

ঢাকায় ১০ ডিসেম্বর গণসমাবেশের লিফলেট বিতরণকালে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি ভাংচুর ও নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান ঢাকার ওই অংশে লিফলেট বিতরণকালে নেতাকর্মীসহ ইশরাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এলে ক্যাম্পাসের ভেতর থেকে একদল যুবক দৌড়ে এসে তাদের উপর লাঠি নিয়ে হামলা চালায়। তারা ইশরাকের গাড়ি ভাঙচুর করে। তবে এই বিএনপি নেতার কিছু হয়নি।

এ ঘটনার পর ইশরাকের অভিযোগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজীর নেতৃত্বে তার গাড়িতে হামলা চালানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, হামলায় বিএনপির ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

"আমরা হামলার শিকার হয়েছি তারপরও পুলিশ উল্টা আমাদেরই চারজনকে গ্রেপ্তার করেছে," দাবি করেন তিনি। তিনিও অভিযোগ নিয়ে থানায় যাবেন বলে জানান।

এ ঘটনায় সোমবার সকাল ১১টায় বিএনপির মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইশরাক। 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী বিএনপির নেতাকর্মীদের ‘হামলা করতে আসার’ পাল্টা অভিযোগ করেন।

Image

ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশের প্রচার চালানোর সময় রোববার পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে হামলার শিকার হন বিএনপি নেতা ইশরাক হোসেন। হামলাকারীরা তার গাড়িও ভাংচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "তারা হামলা করলে ছাত্রলীগ তো বসে থাকবে না। তারা আগেও নেত্রীর নামে স্লোগান দিছে, ছাত্রলীগের উপর হামলা করতে আসছে- ছাত্রলীগতো পাল্টা জবাব দিবেই।

"সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তো ছাত্রলীগ বসে থাকবে না। ছাত্রলীগ তাদেরকে পাল্টা ধাওয়া দিয়ে, এই এলাকা ছাড়া করে দিছে।"

ইশরাক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ঢাকা দক্ষিণ সিটির গত নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান এ প্রকৌশলী। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির একজন সদস্য তিনি।

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বিএনপির আন্দোলনে পাঁচ নেতাকর্মীর নিহত হওয়ার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি।

এ সমাবেশ বাস্তবায়নে রোববার দুপুর ১টার দিকে বিএনপি নেতাকর্মীদের নিয়ে পুরান ঢাকার গোপীবাগ থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন ইশরাক। এরপর ওয়ারী, বংশাল, রথখোলা মোড়, রায়সাহেব বাজার ও ইসলামপুর হয়ে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এলে এ ঘটনা ঘটে।

পুরনো খবর:

বিএনপি নেতা ইশরাক গ্রেপ্তার