২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ শিরোপা নিয়ে ফেরা নারী ফুটবলারদের অভিনন্দন বিএনপির

“এটার জন্য আমরা গর্ববোধ করছি। আজকে তারা দেশে ফিরেছেন। তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে,” বলেন মির্জা ফখরুল।

সাফ শিরোপা নিয়ে ফেরা নারী ফুটবলারদের অভিনন্দন বিএনপির

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2022, 02:52 PM

Updated : 21 Sep 2022, 02:52 PM

সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে দেশে ফেরা বাংলাদেশের নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছে বিএনপি।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এই অভিনন্দন জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “সাফ ফুটবলে আমাদের মেয়েরা যে অসাধারণ একটা সম্মান বয়ে এনেছে। বহুদিন পরে আমাদের দেশের জন্য একটা সুখবর তারা বয়ে নিয়ে এসেছে।

“এটার জন্য আমরা গর্ববোধ করছি। আজকে তারা দেশে ফিরেছেন। তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে।”

ফখরুল বলেন, “আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাদের পরিবার-পরিবারবর্গ যারা আছন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।”

সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক দেশ নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় বাংলাদেশ। বুধবার দুপুরে নেপাল থেকে বিজয়ীরা দেশে ফিরেছেন।

মির্জা ফখরুল বলেন, “গতকাল আমি টেলিভিশনে সম্ভবত স্বপ্নার মায়ের যে কথাটা শুনেছি, এই কথাটা শুনার পরে আমি অত্যন্ত ব্যথিত হয়েছে, দুঃখিত হয়েছি। আমরা যে কথাগুলো বলি সেই চিত্রটাই বেরিয়ে এসেছে।

“তাকে (স্বপ্নার মা) যখন টেলিভিশন থেকে জিজ্ঞাসা করা হলো যে, আপনার মেয়ে ফুটবল খেলছে। তার জন্য আপনি ভালো খাবার-দাওয়ার কী ব্যবস্থা করেন, ডিম-দুধ খেতে দেন? তো মহিলা বলছেন, ভাতই দিতে পারি না, ডিম-দুধ দেব কোত্থেকে। দ্যাট ইজ দ্য রিয়েল পিকচার।”

দেশের ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “এই মেয়েটা উঠে এসেছে একেবারে দরিদ্রতম পরিবার থেকে। তার বাবা অসুস্থ, হার্টের রোগী। তার মাকে প্রশ্ন করা হয়েছে, কী করেন, পেশা কী?

“তার মা বলেছেন, পরের বাড়িতে কাজ করি। ভাতই দিতে পারি না…। তারপরেও এই দারিদ্র্যকে জয় করে এই মেয়ে যে আজকে এই জায়গা পৌঁছছে, টিম যে এই জায়গায় পৌঁছেছে এটা জন্য আমরা গর্ববোধ করছি।”

সাফ গেমসে নারী ফুটবল জিয়াউর রহমানের আমলে চালু করা হয়েছিল মন্তব্য করে ফখরুল বলেন, “আমি আজকের পত্রিকায় দেখলাম, ডানা (কামরুন নাহার ডানা) যিনি মহিলা ফেডারেশনের এক সময়ে প্রধান ছিলেন, তিনি বলছেন যে, প্রথম টুর্নামেন্টটা বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে শুরু করা হয় অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।