২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে বিস্ফোরণ ঘটতে পারে: তথ্যমন্ত্রী

“বিএনপি নেতারা নির্বাচন করতে চায়, কিন্তু মূল নেতৃত্বের কাছ থেকে নির্বাচন করার ব্যাপারে তারা সিদ্ধান্ত পায় না৷ এটা একটি বড় সংকট,” বলে হাছান মাহমুদ।

বিএনপিতে বিস্ফোরণ ঘটতে পারে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 03:47 PM

Updated : 25 Jul 2023, 03:47 PM

বিএনপি নেতারা নির্বাচন করতে চাইলেও দলের মূল নেতৃত্বের কাছ থেকে সেই সিদ্ধান্ত না আসায় দলটিতে ‘বিস্ফোরণ’ ঘটতে পারে বলে ধারণা করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

সচিবালয়ে মঙ্গলবার সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, সাংবাদিক স ম আলাউদ্দীনের স্মারক গ্রন্থ ‘দীপ্ত আলাউদ্দীন’ এর মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে দেশের সমকালীন রাজনীতি নিয়ে কথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, দেশে কোনো সংকট নেই, তবে বিএনপির মধ্যে কিছু সংকট রয়েছে৷ 

“বিএনপি নেতারা নির্বাচন করতে চায়, কিন্তু মূল নেতৃত্বের কাছ থেকে নির্বাচন করার ব্যাপারে তারা সিদ্ধান্ত পায় না৷ এটা একটি বড় সংকট৷ 

“বিএনপি এমন একটি দল, কাউকে ইউনিয়ন পরিষদ নির্বাচনও করতে দিচ্ছে না। সিটি করপোরেশনের কাউন্সিলর পদেও নির্বাচন করতেও বারণ করেছে। এটি তো একটি দলের আভ্যন্তরীণ সংকটেরই বহিঃপ্রকাশ৷ কখন যে সেই দলের মধ্যে বিস্ফোরণ ঘটে সেটি এখন সময়ের অপেক্ষা।”

হাছান মাহমুদ বলেন, “এইভাবে যদি তাদের দলের নেতাকর্মীদের নির্বাচন থেকে বিরত থাকতে বাধ্য করা হয়, সেই দলের মধ্যে যে কোনো এক সময় বিস্ফোরণ ঘটতে পারে।” 

বিএনপিতে ‘ছোটখাটো বিস্ফোরণ এর মধ্যেই হয়েছে’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “সিটি করপোরেশন নির্বাচনে তারা তাদের দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ করতে বারণ করেছিল, তাদের অনেক নেতা সেখানে অংশগ্রহণ করেছে এবং কেউ কেউ জয়লাভও করেছে। তাদের আক্ষেপ আমরা পত্রপত্রিকায় এবং টেলিভিশনের পর্দায় শুনেছি। 

“আগামী সংসদ নির্বাচনে তারা যদি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেয় বড় বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটার প্রভাব দেশের মানুষের মধ্যে নয়, বিএনপির মধ্যে পড়বে৷ বিএনপির ভেতর থেকে তাদের মধ্যে বিস্ফোরণ ঘটবে।” 

২৭ জুলাই বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন সমাবেশ ডেকেছে। সংঘাত সৃষ্টির জন্য পাল্টা সমাবেশ ডাকা হয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা খফরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন। এ বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক। 

জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপির যেদিন সমাবেশ, সেদিন এত বড় ঢাকা শহরে আর কেউ সমাবেশ করতে পারবে না এমন নিয়ম তো নাই। বিএনপি যখন সমাবেশ ডাকে জনগণ তো আতঙ্কে থাকে। সরকারি দল হিসেবে আওয়ামী লীগ কিংবা এব সহযোগী ভাতৃপ্রতীম সংগঠনের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। 

“ঢাকা শহরে কিংবা দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকা, এটা দায়িত্ব। সেই কারণেই ২৭ জুলাই যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ যৌথভাবে সমাবেশের ডাক দিয়েছে।” 

তথ্যমন্ত্রী বলেন, আমরা কখনো সংঘাত তৈরি করতে চাই না৷ কারণ আমরা সরকারে আছি৷ দেশে যদি সংঘাত তৈরি হয় তবে সরকারেরই বদনাম হয়৷ সুতরাং আমরা সংঘাত তৈরি করতে চাই না৷ বরং বিএনপিই সংঘাত তৈরি করার অজুহাত খুঁজছে৷” 

এর আগে ঢাকায় দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, সেদিন কিছুই হয়নি। সেদিন আওয়ামী লীগ ‘সর্বোচ্চ সংযমের’ পরিচয় দিয়েছে৷ 

“আমরা এখনও চাই, বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক। কিন্তু তারা যেহেতু অতীতে সময়ে সময়ে মানুষের সহায় সম্পত্তি, পুলিশ ও পথচারীর ওপর হামলা করেছে, গাড়িঘোড়া ভাঙচুর করেছে, আগুন দিয়েছে এবং সম্পদের ক্ষতি করেছে, সেহেতু সরকারি দল হিসেবে মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকেই ২৭ জুলাই সমাবেশ ডাকা হয়েছে।”