২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ফখরুলের কুশপুতুল পোড়াল ছাত্রলীগের নারী কর্মীরা

ছাত্রলীগের নারী নেতা-কর্মীরা বলেছেন, রাজনৈতিক দল হিসেবে ‘মুর্খতার’ পরিচয় দেওয়া ফখরুলদের পক্ষে এ ধরনের ‘নারী বিদ্বেষী বক্তব্য’ দেওয়া স্বাভাবিক।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 02:26 PM

Updated : 11 Jul 2023, 03:03 PM

ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘নারী বিদ্বেষী ও অশালীন মন্তব্য’ করেছেন বলে অভিযোগ তুলে তার কুশপুতুল পুড়িয়েছেন ছাত্রলীগের নারী নেতা-কর্মীরা।  

মঙ্গলবার ‍দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ফখরুলের কুশপুতুল পোড়ানো হয়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের হিট অফিসারকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। তার নারী বিদ্বেষী ও অশালীন মন্তব্য তার চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ।“

ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগের নারী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ওই সমাবেশে।

পুরনো খবর:

ডেঙ্গুতে সিটি করপোরেশন কী করে, প্রশ্ন ফখরুলের
ঢাকার প্রথম চিফ হিট অফিসার, কে তিনি? কী তার কাজ

গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার নিয়োগ নিয়ে কথা বলেন মির্জা ফখরুল।

সে সময় কারও নাম উল্লেখ না করে ফখরুল বলেন, “শুনলাম বিদেশ থেকে ছেলে-মেয়েদেরকে নিয়ে এসে সিটি করপোরেশনে চাকরি দেয়… কী একটা পদের নাম জানি… হিট অফিসার।

“এখন আমরা যে হিটেড হয়ে গেলাম, আমরা এখন এই ডেঙ্গু-চিকুনগুনিয়া-করোনাভাইরাস এসবে আক্রান্ত হয়ে আমরা কোনো স্বাস্থ্যসেবা না পেয়ে পেয়ে আমরা সব ‘হিটেড-বুটেড’ হয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের বেরোতে হবে।”

ওই মন্তব্যের জন্য মির্জা ফখরুলকে ‘প্রকাশ্যে ক্ষমা চাওয়ার’ আহ্বান জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। তা না হলে প্রতিবাদ কর্মসূচি চলবে বলে ছাত্রলীগের নারী নেতা-কর্মীরা জানান।

মির্জা ফখরুলের সমালোচনা করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি বলেন,“এটা শুধু হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে কুরচিপূর্ণ মন্তব্য নয়, এটা বাংলাদেশের পুরো নারী সমাজকে অপমান করার শামিল। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে চাই, আপনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান, আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।”

গভার্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী বলেন, “মেয়ের বয়সী একজন নারীকে নিয়ে মির্জা ফখরুল যে মন্তব্য করেছে, তা নিন্দা জানানোর ভাষা নেই।

তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে মুর্খতার পরিচয় দেওয়া ফখরুল গংদের এই ধরনের নারী বিদ্বেষী বক্তব্য দেওয়াই স্বাভাবিক।

“মির্জা ফখরুলরা কখনোই নারীর অগ্রযাত্রায় বিশ্বাস করে না। লুটতরাজ, জঙ্গিবাদ ও উগ্রবাদী নারী বিদ্বেষের কারণে বহু আগেই এদেশের নারী সমাজ বিএনপি জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। আগামী জাতীয় নির্বাচনেও নারী সমাজ তাদের বয়কট করবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা, রোকেয়া হলের শিক্ষার্থী সুমায়া জান্নাত মিশুও সমাবেশে বক্তব্য রাখেন।