ডেঙ্গুতে সিটি করপোরেশন কী করে, প্রশ্ন ফখরুলের
“কলকাতা তো ডেঙ্গু নিয়ন্ত্রণ করে ফেলেছে। তারা যদি পারে তাহলে আমাদের দেশে যে এত ট্যাক্স দেই…. এত যে কথা বলে বড় বড়।”
ঢাকায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তার রোধে সিটি করপোরেশন ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি বলেন, কলকাতায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা গেলে ঢাকায় কেন যাবে না।
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
বিএনপি মহাসচিব বলেন, “কালকে শুনলাম টেলিভিশনে যে, যাত্রাবাড়ীতে এমন একটা ঘর নাই, বাড়ি নাই, যেখানে ডেঙ্গু রোগী নাই। সিটি করপোরেশন কী করে? কলকাতা তো ডেঙ্গু নিয়ন্ত্রণ করে ফেলেছে। তারা যদি পারে তাহলে আমাদের দেশে যে এত ট্যাক্স দেই…. এত যে কথা বলে বড় বড়।”
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহ্বায়ক আবদুস সালাম জ্বর নিয়ে হাসপাতালে আছেন জানিয়ে ফখরুল বলেন, “তাকে হাসপাতালে দেখে আসলাম… ১০৩/১০৪ ডিগ্রি জ্বর, প্লাটিলেট নেমে গেছে। ডাক্তাররা এখন পর্যন্ত ধরতে পারেননি এটা ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া, নাকি অন্য কিছু, নাকি করোনাভাইরাস। এই অবস্থা সারাদেশে।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনে গরম নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার নিয়োগ নিয়েও কথা বলেন বিএনপি নেতা। তিনি ফখরুল বলেন, ‘‘শুনলাম বিদেশ থেকে ছেলে-মেয়েদেরকে নিয়ে এসে সিটি করপোরেশনে চাকরি দেয়… কী একটা পদের নাম জানি… হিট অফিসার।
“এখন আমরা যে হিটেড হয়ে গেলাম, আমরা এখন এই ডেঙ্গু-চিকুনগুনিয়া-করোনাভাইরাস এসবে আক্রান্ত হয়ে আমরা কোনো স্বাস্থ্যসেবা না পেয়ে পেয়ে আমরা সব ‘হিটেড-বুটেড’ হয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের বেরুতে হবে।”
‘আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতে গণতন্ত্র নাই’
আলোচনায় আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন বিএনপি মহাসচিব ফখরুল।
গত এক মাসে বিএনপির প্রায় ৮ হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আবার ওরা বলে, আওয়ামী লীগ যখন আসে তখন নাকি সুষ্ঠু নির্বাচন হয়। সেই ১৯৭২ সালে থেকে ১৯৭৩ সাল আওয়ামী লীগের সময়ে কেমন নির্বাচন হয়েছে? কুমিল্লায় দাউদকান্দিতে খন্দকার মোশতাক আহমেদকে কীভাবে নির্বাচিত করেছিল? এই ঘটনাগুলো তারা সব সময় করে।
“আওয়ামী লীগের বডি কেমেস্ট্রিতে গণতন্ত্র নাই। একটাই আছে সন্ত্রাস আর চুরি। আমাদের শ্রদ্ধেয় বরণ্যে নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী বলেছিলেন… ১৯৭৫ সালের আগে এমন লুটপাট করছিল যে আওয়ামী লীগের নামটাই, যেটার উনি প্রতিষ্ঠাতা ছিলেন, এটার নাম হওয়া উচিৎ নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি।”
‘সুইস ব্যাংকের অর্থের কালো বিড়াল বেরিয়ে আসছে’
সুইস ব্যাংকের বাংলাদেশিদের অর্থ কমে যাওয়া নিয়েও কথা বলেন বিএনপি নেতা।
তিনি বলেন, “শুনলাম ওখান থেকে ১০ হাজার কোটি টাকার মতো তুলে নেয়া হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে। কাকতালীয় জানি না, আমাদের নেতৃবর্গ তখন সুইজারল্যান্ডে গিয়েছিলেন… ।অর্থাৎ এই পুরো দুর্নীতির মাধ্যমে অর্জিত যে টাকা, সেগুলো বিদেশের ব্যাংকে, বিশেষ করে সুইস ব্যাংকে রাখা হয়েছে, যেখানে জবাবদিহি করতে হয় না। এখন জবাবদিহি করতে হচ্ছে তো। থলের থেকে তো কালো বিড়াল বেরিয়ে আসছে।
“আজকে স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র। খুব বলছে ‘আমরা ভয় পাই না, ভয় পাই না’। দেশের মানুষকে তো বিপদে ফেলে দিয়েছেন আপনারা… সামগ্রিকভাবে দেশের ভাবমূর্তি একেবারে চরম তলানিতে গেছে।”
সাপ্লাইয়ার্সে ক্রেডিটের নামে ঋণ নিয়ে সরকার বাংলাদেশকে ‘ফতুর’ করে ফেলেছে বলেও মন্তব্য করেন ফখরুল।
তিনি বলেন, “এরপরে তারা বড় বড় গলায় কথা বলে। যারা চোর তাদের গলায় আবার জোর বেশি।”
সারা দেশে আওয়ামী লীগের লোকজনের ‘চেহারা বদলে গেছে’ বলেও মন্তব্য করেন বিএনপি নেতা।
তিনি বলেন, “যাদের ভালোমতো একটা ঘর ছিল, তার এখন পাঁচ তলা বাড়ি। যারা সাইকেলে চড়ত না, তারা এখন বিরাট বিরাট দামি দামি গাড়ি চালায়, বিলাসিতার শেষ নাই । আর আমাদের সাধারণ মানুষের অবস্থা বঞ্চিত বঞ্চিত হতে নিচে নেমে গেছে।”
দেশে আগামী নির্বাচন ‘অবশ্যই’ নির্দলীয় সরকারের অধীনে হবে- এমন মন্তব্য করে তিনি বলেন, “আমি জোর করে এই কথা বলছি। এই সরকারের কোনো অধিকার নেই তাদের অধীনে নির্বাচন করার।”
এনপিপির চেয়ারপারসন ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাগপার খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সৈয়দ নজরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকীও বক্তব্য রাখেন।
