২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরবচ্ছিন্ন গণতন্ত্র চর্চার বিএনপি বাধা: হাছান মাহমুদ

"প্রকৃতপক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা গণতন্ত্রকে হত্যার অপচেষ্টায় লিপ্ত,“বলেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 09:59 PM

Updated : 20 Feb 2023, 09:59 PM

বাংলাদেশে নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্র চর্চার পথে বিএনপিকে একটি ‘প্রতিবন্ধকতা’ বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, "বাংলাদেশে নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্র চর্চার পথে গণতান্ত্রিক রীতিনীতি ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরো গভীরে প্রোথিত করার ক্ষেত্রে বিএনপি হচ্ছে একটি প্রতিবন্ধকতা।

"প্রকৃতপক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা গণতন্ত্রকে হত্যার অপচেষ্টায় লিপ্ত এবং সেই অপচেষ্টার অংশ হিসেবেই তারা ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল। ২০১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সমস্ত প্রচেষ্টা তারা চালিয়েছে। তারা আসলে গণতন্ত্রকে হত্যা করতে চায় বলেই সেটিকে ঢাকার জন্য নানা ধরণের বক্তব্য রাখে।"

সম্প্রচারমন্ত্রী হাছান বলেন, "বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং পৃথিবীর সমস্ত সংসদীয় গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও ঠিক একইভাবে নির্বাচন হবে।

“ভারত, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যে, কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশে চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে। যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্ট নির্বাচনকালীন সময়ে সরকার পদত্যাগ করে না।তত্ত্বাবধায়ক সরকার শুধু পাকিস্তানে আছে এবং উনারা পাকিস্তানকে পছন্দ করেন, সে জন্য পাকিস্তানের অনুকরণে বাংলাদেশে তারা চাইলেও কোনো কিছু হবে না।"

হাছান মাহমুদ বলেন, "'বর্তমান সরকারের পতন ছাড়া ঘরে ফিরব না'– এ কথা বিএনপির মুখে ১৪ বছর থেকে শুনছি। সেটি করতে গিয়ে দেখা গেল বিএনপিই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের কাছে বিএনপির পতন হয়ে গেছে।"

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সাংবাদিকদের সামনে কথা বলেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, "স্বপ্ন দেখতে হয়। যার স্বপ্ন নেই, স্বপ্ন পূরণের তাগাদা তার মধ্যে থাকে না। তাই আমি শিশু-কিশোরদের অনুরোধ জানাব, তোমরা স্বপ্ন দেখবে এবং পাশাপাশি স্বপ্ন বাস্তবায়নে নিরন্তন প্রচেষ্টাকে যুক্ত করবে। তাহলে তোমাদের অনেক স্বপ্ন বাস্তবায়িত হবে। আর কোনো কাজে হেরে গেলে ধৈর্য্য হারাবে না, বরং দ্বিগুণ উদ্যমে কাজ করবে, সাফল্য তোমাকে ধরা দেবেই।”

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ৩৫ বছর ধরে শিশু-কিশোরদের সংগঠিত করা, ও তাদের মেধা বিকাশে অনবদ্য ভূমিকা পালন করে চলেছে মন্তব্য করে সম্প্রচারমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অত্যন্ত আগ্রহের সাথে এ সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সবসময় এ সংগঠনের প্রতি সহানুভূতিশীল।

“কারণ শিশুরাই জাতির ভবিষ্যত। তাদেরকে যদি আমরা ঠিকভাবে গড়ে তুলতে পারি তাহলে জাতির ভবিষ্যতকে গড়ে তুলতে পারব। সংগঠনের সাথে যুক্ত শিশুরা অন্যদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকে। সে ক্ষেত্রে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ভূমিকা রেখে চলেছে।"