সরকারের পরিবর্তন চায় ‘জনগণ’: ফখরুল
অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে জাতির প্রয়োজনে আরেকটি ‘যুদ্ধের’ মত আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।
দেশে গণতন্ত্র ফেরাতে ‘মানুষ সরকারের পরিবর্তন চায়’ বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকালে গণফোরামের ইফতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এমন দাবি করেন।
তার অভিযোগ, “আওয়ামী লীগ দীর্ঘকাল অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় বসে থেকে বাংলাদেশের মানুষের সকল অধিকারগুলো কেড়ে নিচ্ছে। সেই জায়গায় থেকে বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করতে মানুষ পরিবর্তন চায়।”
এমন প্রেক্ষাপটে তিনি অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে জাতির প্রয়োজনে আরেকটি ‘যুদ্ধের’ মত আন্দোলনে নামার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে শনিবার সারাদেশে থানা-উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের হামলার কঠোর সমালোচনাও করেন।
গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘‘আজকে এখানে আমাদের প্রত্যেকের দাবি হচ্ছে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কোনো অবস্থায় কোন দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না। এটা আমাদের পরিষ্কার কথা। সমস্ত জাতি আজকে একমত, এখানে কোনো বিভেদ-দ্বন্দ্বের অবকাশ নেই।”
কাকরাইলে রাজমনি ঈসা খাঁ হোটেলে রাজনীতিবিদদের সম্মানে গণফোরাম-পিপলস পার্টির যৌথ উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করে।
মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, এলডিপির রেদোয়ান আহমেদ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, পিপলস পার্টির বাবুল সর্দার চাখারী, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এবি পার্টির এএফএম সোলায়মান চৌধুরী, বিএনপির বরকত উল্লাহ বুলু বক্তব্য রাখেন।
ইফতারে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, বিএনপির মির্জা আব্বাস ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের সুব্রত চৌধুরী ও মহসিন রশিদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
