খেসারত আওয়ামী লীগকেই দিতে হবে: জয়নুল আবদিন
তিনি বলেন, “অপেক্ষা করুন, সময় খুব কাছে। আপনাকে খেসারতের জন্য জনগণের কাছে দাঁড়াতে হবে।”
একতরফা নির্বাচনের জন্যে আওয়ামী লীগকে যুগ যুগ ধরে খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।
‘নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপিকে অনেক দিন খেসারত দিতে হবে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার তিনি এ কথা বলেন।
দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে জয়নুল আবদিন বলেন, “জনাব ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনি কি করে বলেন, বিএনপিকে অনেক খেসারত দিতে হবে?
“আমি আপনাকে উল্টো বলতে চাই, খেসারত আপনাকেই দিতে হবে। কারণ আপনারা জনগণের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন করেছেন, যে সরকার আপনারা গঠন করেছেন, তার খেসারত আপনাদেরকেই দিতে হবে যুগ যুগ ধরে।”
তিনি বলেন, “অপেক্ষা করুন, সময় খুব কাছে। আপনাকে খেসারতের জন্য জনগণের কাছে দাঁড়াতে হবে। বাংলাদেশের ইতিহাসে আপনারা যে কলঙ্ক লেপন করেছেন, এর জন্য আপনাদেরকে দায়ী থাকতে হবে।”
২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশ পন্ড করে দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র নেতাদের গ্রেপ্তার ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেন তিনি।
কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে এই মানবন্ধন হয়।
সংগঠনের সভাপতি মনজুর রহীম ভুঁইয়ার সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপির আবদুল কালাম আজাদ সিদ্দিকী, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মুনির, ছাত্রদলের সাবেক নেতা এজমল হোসেন পাইলট, রফিকুল ইসলাম, কৃষক দলের কাদের সিদ্দিকী, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
