২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সংলাপের কথাও ষড়যন্ত্রমূলক: ইনু

সম্মেলনে মো. ইদ্রিস বেপারীকে সভাপতি ও সোহেল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে জাসদের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 11:37 PM

Updated : 16 Oct 2023, 11:37 PM

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানানোর পরও নির্বাচনের আগে সংলাপ নিয়ে বিএনপির বক্তব্যকে ‘ষড়যন্ত্রমূলক’ হিসেবে দেখছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, শেখ হাসিনার পদত্যাগই যখন বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক অংশীদারদের একমাত্র দাবি- তাহলে সংলাপ কেন? ‘বিচার মানি কিন্তু তাল গাছটা আমার’ এই রাজনৈতিক অবস্থানে থেকে সংলাপের কথাও ‘ষড়যন্ত্রমূলক’।

Image

মো. ইদ্রিস বেপারী

সোমবার বিকালে ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সবার সম্মতিতে মো. ইদ্রিস বেপারীকে সভাপতি ও সোহেল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ জাসদের কমিটি ঘোষণা করা হয়।

Image

সোহেল আহম্মেদ

সম্মেলনে ইনু বলেন, বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক অংশীদারদের আসল চাওয়া নির্বাচন নয়, তারা জল ঘোলা করে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নামে বিএনপি-জামাতের ছদ্মবেশী সরকার আনতে চাইছে।

“সামরিক সরকার, অসাংবিধানিক সরকার দেশের ক্ষতি করা ছাড়া ভালো কিছু করতে পারে না, তা অতীতে বার বার প্রমাণিত হয়েছে। সুতরাং সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নাই।”

ফিলিস্তিনের গাজায় নারী-শিশুসহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ ও নিন্দা জনান ইনু।

তিনি বলেন, বছরের পর বছর ধরে ইসরায়েলি বর্বরতায় সমর্থন দেওয়ার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের মুখে মানবাধিকার ও গণতন্ত্রের বাণী মানায় না। আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব নিজেদের লাভ-লোভ-স্বার্থ ছাড়া এক পাও দেয় না।