Published : 20 Sep 2026, 05:49 PM
ঢাকার গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিনের রিমান্ড শেষে ২৪ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত রোববার এ আদেশ দেয়।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বলেন, ২৪ আসামির মধ্যে ১৫ জনের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ২৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—আ. রহিম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান (আলম), মুন্না মিয়া, সামিন ইয়াছির (সাদাফ), রাতুল, এইচ এম জাকারিয়া রহমান ওমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহম্মেদ, সোহরাব, হযরত আলী, আজহারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, হাবিব সিকদার, জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভাণ্ডারী, বাবুল গোপ, ফরিদ আহমেদ, ইন্দ্রনীল দেব শর্মা, নজরুল ইসলাম ও মাসুদ হাসান শামীম।
আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় মিছিল বের করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিল থেকে দুটি ককটেল ফাটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন ওইদিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।
এ মামলায় এখন পর্যন্ত ১৭৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।