২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ‘কিছুই করা হচ্ছে না’ অভিযোগ তুলে মাঠে নামছে বিএনপি

“মশক নিধন কার্য্ক্রম চলছে অবৈজ্ঞানিকভাবে। ব্যবহার করা হচ্ছে অকার্য্কর, মেয়াদোত্তীর্ণ ওষুধ”, বলেন ২০১৮ সালের ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 04:29 PM

Updated : 21 Jul 2023, 04:29 PM

রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের মধ্যে দুই সিটি করপোরেশন ‘কার্যকর কিছুই করছে না’ বলে মনে করছেন ২০১৮ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী।

ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশা নিয়ে সচেতনতা গড়ার চেষ্টার পাশাপাশি রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে লড়াই করা তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটির ইশরাক হোসেন।

শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন তারা।

ঢাকায় ডেঙ্গুর বিস্তার রোধে সিটি করপোরেশনের মেয়রদের দায়ী করেছেন বিএনপির এই দুই নেতা। তাদের মতে, দুই মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নুর তাপস ‘নগর পিতা’ নামে পরিচিত পদটির গুরুত্ব বোঝেন না। তাই তারা ভূমিকা রাখতে পারছেন না।

তাবিথ আউয়াল বলেন, “ডেঙ্গু থেকে মুক্ত হতে শহরকে পরিচ্ছন্ন রাখা, এইডিস লার্ভার জন্ম যেখানে হয়, সেই জায়গাগুলো নষ্ট করে দেওয়া এবং বিভিন্ন জায়গায় জনসচেতনতা সৃষ্টি করা…”

“আমরা দেখছি যে, প্রিভেন্টিভ কোনো কাজই করা হচ্ছে না। বিভিন্ন পাইপ, পরিত্যক্ত টায়ার, পুরনো গাড়ি, মেশিনপত্র কোনো কিছুই কিন্তু ভাঙা হচ্ছে না। অথচ সেখানে পানি জমে জমে অন্ধকারে ভেতরে লার্ভাকে জন্মানোকে আরো উৎসাহ দেওয়া হচ্ছে।”

এইডিস নিয়ন্ত্রণে গত কয়েক বছরে নগর কর্তৃপক্ষ যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলোকে ‘তামাশা’ আখ্যা দিয়ে তাবিথ বলেন, “হাঁস ছাড়া হয়েছে বিভিন্ন লেকে, মাছ ছাড়া হয়েছে, ব্যাঙ ছাড়া হয়েছে এবং দেখানোর জন্য কিছু লেক বা খালের পাশে-পাশে কিছু ঘাস কাটা হয়েছে।

“মশক নিধনে কার্য্ক্রম চলছে অবৈজ্ঞানিকভাবে। ব্যবহার করা হচ্ছে অকার্য্কর, মেয়াদোত্তীর্ণ ওষুধ।”

ইশরাক হোসেন বলেন, “মেয়র পদে যারা আসীন রয়েছেন তাদের ব্যর্থতার কারণে আজকে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। তাদের জবাবদিহিতার অভাবের কারণে, জনগণের কাছে তাদের জবাব দিতে হয় না বলেই আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে।

“শুধুমাত্র হাতে গোনা কিছু এলাকায় তারা বর্জ্য ব্যবস্থাপনা করেছেন যেখানে উচ্চবিত্তরা থাকেন। এর বাইরে বাকি শহরে তাদের নজর নাই।”

তিনি বলেন, “আসলে মেয়রকে নগরপিতা বলা হয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। আমি মনে করি, যারা এই পদে বসে আছেন তারা এর গুরুত্ব বোঝেন না। নগর পিতার ভুমিকা সেটা রাখা তো দূরের কথা, বরঞ্চ তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে সিটি করপোরেশন পরিচালনা করছেন।

“তারা বিশেষজ্ঞদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করছেন, নিজেদের মনগড়া কিছু কার্য্ক্রম করছেন, কিছু লোক দেখানো কার্য্ক্রম করছেন। এখানে ড্রোন উড়ানো হয়েছে, আরও অন্যান্য উদ্ভট কিছু কর্মসূচি দিয়েছে… এটা জনগণ ভাঁওতাবাজি বলে মনে করছে।”

দুই সিটি করপোরেশনের মেয়র আয়তন ও জনসংখ্যা অনুপাতে পর্যাপ্ত কীটতত্ত্ববিদ নিয়োগ দিতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন ইশরাক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের বিদেশে সফর ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের চাকরির মেয়াদ আবারও বাড়ানোরও সমালোচনা করেন বিএনপির দুই পরাজিত মেয়র প্রার্থী।

বিএনপির কর্মসূচি

তাবিথ ও ইশরাক ডেঙ্গু নিয়ে চারটি কর্মসূচি ঘোষণা করেছেন। এগুলো হল–

# ‘ব্লাড ড্রাইভ’: দলের নেতা-কর্মীরা রক্ত দেবে, অন্যকেও রক্ত দিতে উৎসাহিত করা হবে। ডেঙ্গু রোগীদের জন্য বিভিন্ন হাসপাতালে রক্তের প্রয়োজনীয় বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

# অনলাইনে ‘ব্লাড ইনফরমেশন ডিপোজেটারি’ ওয়েবসাইট চালু করা হবে। যতদিন ডেঙ্গু পরিস্থিতি থাকবে এই সেবা চালু থাকবে। এর মাধ্যমে যার যে গ্রুপের রক্ত জরুরি প্রয়োজন, তা দ্রুত পাঠানোর ব্যবস্থা থাকবে।

# এইডিসের লার্ভা ধ্বংস করতে এবং ডেঙ্গু রোগ নিয়ে ওয়ার্ড পর্যায়ে লিফলেট বিতরণ এবং পোস্টার প্রকাশের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার চালানো হবে।

এবং

# এইডিস মশা উৎপাদনের বড় ক্ষেত্র সরকারি স্থাপনা ও নির্মাণাধীন ভবনগুলো চিহ্নিত করে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হবে। ওয়ার্ডে ওয়ার্ডে জলাবদ্ধতা দূরীকরণে এলাকাবাসীকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করা হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ডক্টরস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ ড্যাবের সভাপতি হারুন আল রশিদ ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক রফিকুল ইসলাম সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন।