০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

যে মাঠে ওবায়দুল কাদের, ফখরুল একই শিবিরে

রাজনীতির মাঠে ‘খেলা হবে’ দিয়ে উত্তাপ ছড়ালেও বিশ্বকাপ ফুটবলে সমর্থনে দেখা যাচ্ছে ভিন্ন মেরুকরণ।

যে মাঠে ওবায়দুল কাদের, ফখরুল একই শিবিরে

ফুটবল বিশ্বকাপের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যেদিকে তাকানো যায়, সেদিকেই দেখা মিলবে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের পতাকা। হলের সামনের বাগানও ছেয়ে গেছে পকাতায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2022, 11:38 AM

Updated : 14 Dec 2022, 06:54 PM

জাতীয় নির্বাচনের এক বছর আগে জমে উঠেছে রাজনীতির মাঠ; তাতে ‘খেলা হবে’ শব্দবন্ধ ছড়াচ্ছে উত্তাপ; তার মধ্যেই এল বিশ্বকাপ; আর তাতে দেখা গেল, রাজনীতির মাঠে বাগ যুগ্ধে লিপ্ত অনেকে ফুটবলের মাঠে একই শিবিরে।

বিশ্বকাপ ফুটবলের এবারের আসর কাতারে বসলেও বরাবরের মতোই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ঘিরে মাতামাতি বিশ্বজুড়ে; আর বাংলাদেশও তার বাইরে নয়। রাজনীতি উত্তাপের মধ্যে রাজনীতিকরা সময় বের নিচ্ছেন ফুটবলে মেতে ওঠার জন্য।

এই ফাঁকেই খবর নিয়ে দেখা গেল, দুই প্রধান রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও মহাসচিব মুখে একে অন্যকে বাক্যে বিদ্ধ করলেও ফুটবলে একই দলের পক্ষে হাততালি দেবেন।

Image

ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে এখন প্রায়ই দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে ‘ব্রাজিলের সাপোর্টার’ হিসেবে তুলে ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনিসহ তার দুই মেয়েও নীল-হলুদ শিবিরের সমর্থক।

“আমার ফেভারিট খেলা ফুটবল ও ক্রিকেট। ফুটবলে আমি সব সময় ব্রাজিলের সাপোর্টার। আমরা দুই মেয়েও ব্রাজিলকে সমর্থন করেছে।”

“আপনি দেখবেন ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে ফুটবলের সম্পর্ক অবিচ্ছিন্ন। তারা চোখের পলকে পাল্টে দিতে পারে খেলার গতিপথ,” বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবার ব্রাজিলের সঙ্গে লাতিন আমেরিকার আরেক দেশ আর্জেন্টিনাকেও সমর্থন করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের সমর্থক। তবে ফ্রান্সের খেলাও আমার পছন্দ।”

Image

রাজনীতির মাঠে ওবায়দুল কাদেরের বক্তব্যে আক্রমণের লক্ষ্যবস্তু হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সেক্ষেত্রে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে মধুর সমস্যায় পড়তে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান ব্যস্ততার মধ্যেও খেলা দেখার সময় বের করবেন বলে জানালেন।

রাজনীতিতে একই দলে থাকলেও খেলার সময় দুজন থাকবেন দুই শিবিরে। নানক ব্রাজিলের সমর্থক, আর রহমান আর্জেন্টিনার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের প্রিয় দল আর্জেন্টিনা। ছাত্রজীবনে খেলোয়াড় হিসেবে নাম কুড়ানো জাসদ সভাপতি হাসানুল হক ইনু ব্রাজিলের সমর্থক।

ইনুর ভাষায়, “ব্রাজিলের খেলার পাস থেকে শুরু খেলোয়াড়দের খেলার ধরনই আলাদা। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটি দেশ যেভাবে মাঠে গায়ের জোর না দেখিয়ে, মাথার বুদ্ধি দিয়ে খেলে, সেটা এক কথায় নান্দনিক খেলা।”

Image

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপে ৩২টি দেশ অংশ নিলেও বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক যে সবচেয়ে বেশি, তা বোঝা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের উন্মাদনা দেখলে

জাতীয় রাজনীতিকদের মতো প্রতিপক্ষ ছাত্র সংঠনের নেতা-কর্মীদের মধ্যেও দেখা যায় ফুটবলের মেলবন্ধন।

ইমরান নূর জাতীয়তাবাদী ছাত্রদলের সমর্থক। তার ঘনিষ্ঠ বন্ধু রেজাউর রহমান ছাত্রলীগের কর্মী। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরেক জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েন।

ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনীতিতে আমরা দু’জন বিপরীত মেরুতে অবস্থান করলেও বিশ্বকাপ ফুটবলে আমরা এক মেরুতে। ব্রাজিল আমাদের দুইজনের কাছে ফেভারিট।”

একই কথা জানিয়ে রেজাউর বলেন, “বিশ্বকাপ ফুটবলে মধ্যেই ছাত্রলীগের কাউন্সিল রয়েছে সামনে। তারপরও আমরা খেলা মিস করব না।”