Published : 21 Jun 2026, 07:10 PM
কৈশোরেই ফুটবল জগতে হৈচৈ ফেলে দেওয়া লামিন ইয়ামাল এখনও ‘টিনএজ’ বয়স পার করেননি। তবে কয়েক বছর ধরে যে ধারাবাহিকতায় তিনি পারফর্ম করেছেন, ক্লাব ও জাতীয় দলের সাফল্যে নায়কের ভূমিকা নিয়েছেন, তাতেই তার নামের পাশে জুড়ে গেছে ‘সময়ের সেরাদের একজন’ ট্যাগ। বিশ্বকাপ অভিযানের মাঝে এই স্প্যানিশ সেনসেশন অবশ্য বললেন, সামর্থ্যের সবটা এখনও দেখাতে পারেননি তিনি।
স্প্যানিশ পত্রিকা ‘এল পাইস’- রোববার প্রকাশিত সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে অনেক কথা বলেছেন ইয়ামাল। নিজের পারফরম্যান্সে অনেক উন্নতির জায়গা দেখেন বার্সেলোনা তারকা।
“মানুষ আমাকে যেভাবে দেখে, তার চেয়েও ভালোভাবে আমি নিজেকে দেখতে পারি। আমি জানি, সামনে অনেকটা পথ আমাকে এগোতে হবে এবং আমার অনেক জায়গায় উন্নতি করতে হবে।”
চলতি উত্তর আমেরিকা বিশ্বকাপের আগে চোটে বেশ ভুগতে হয় ইয়ামালকে। এই চোটের কারণেই স্পেনের কোনো প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আসর শুরুর ম্যাচে শেষ দিকে বদলি নামলেও, আশাব্যাঞ্জক কিছু করতে পারেননি ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এখনও অবশ্য পুরোপুরি ফিট নন ইয়ামাল। তবুও, সৌদি আরবের বিপক্ষে আসছে ম্যাচে কিছুটা সময় খেলার সম্ভাবনা আছে তার। আটলান্টায় বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় শুরু হবে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি।
এখন পর্যন্ত মাঠে যা কিছু করেছেন, যতটা অর্জন করেছেন, তাতে যে নিজে সন্তুষ্ট নেন, তার ইয়ামালের পরের কথাতেই স্পষ্ট।
“আমি জানি, মানুষ ভাবে এটাই আমার সামর্থ্যের চূড়া; তবে সবকিছু নিয়ে যে আত্মবিশ্বাস আমার আছে, তা আমি কাজে লাগাতে পারি। আমি এটা জোর দিয়েই বলছি: আমার এখনও অনেকটা পথ চলার বাকি, অনেক উন্নতি করতে হবে এবং অনেক, অনেক, অনেক ফুটবল খেলতে হবে।”
‘এইচ’ গ্রুপের প্রথম রাউন্ডে চার দলের কেউ জিততে পারেনি। সবার পয়েন্ট ১ করে।