Published : 21 Jun 2026, 07:19 PM
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ‘গোলযোগ’ সৃষ্টি করবে— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এমন শক্তি নেই বলে মন্তব্য করেছেন অধ্যাপক মাহবুব উল্লাহ।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটি ‘উসকানি ও অপপ্রচার’ চালিয়ে যাচ্ছে বলে ভাষ্য এ রাজনৈতিক বিশ্লেষকের।
রোববার ঢাকায় এফডিসিতে ‘সহিংসতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এমন পর্যবেক্ষণ তুলে ধরেন। ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এ অনুষ্ঠান আয়োজন করে।
মাহবুব উল্লাহ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির শঙ্কা রয়েছে। তবে আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগ একত্রিত হয়ে গোলযোগ সৃষ্টি করতে পারবে, এমন শক্তি তাদের এখনো হয়নি।”
তিনি বলেন, “প্রতিবেশী রাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উসকানি ও অপপ্রচার এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।”
“অপপ্রচার ও গুজব অব্যাহত থাকলে ‘পরাজিত শক্তি’ পুনরুত্থানের সুযোগ পেতে পারে।”
শিক্ষার্থীদের মধ্যে ‘ডিজিটাল আসক্তি’ বাড়ায় উদ্বেগ প্রকাশ করে মাহবুব উল্লাহ বলেন, “এই প্রবণতা তরুণদের মানসিক ও সামাজিক বিকাশের জন্য ক্ষতিকর।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বিতর্ক প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে হারিয়ে বিজয়ী হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাছুদুর রহমান, মিরাজ মাহবুব ইফতি, মো. আতিকুর রহমান ও জাফর ইকবাল।