২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশিরা কেন ঘুরেফিরে বাংলাদেশেই আসে, প্রশ্ন কাদেরের

“তারা ঘুরে ফিরে এখানে আসে। নাইজার, সোমালিয়া, কঙ্গোর খবর নাই।”

বিদেশিরা কেন ঘুরেফিরে বাংলাদেশেই আসে, প্রশ্ন কাদেরের

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 09:02 PM

Updated : 08 Aug 2023, 09:02 PM

সমস্যাসঙ্কুল আরও দেশ থাকতে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন বিদেশিদের আগ্রহ, তা বোধগম্য নয় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে।

তিনি বলেছেন, “এই বছর পৃথিবীতে মোট ২২টা দেশে ইলেকশন হবে। বাংলাদেশ কী এমন অপরাধী দেশ, যেখানে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ ঘুরেফিরে সবাই শুধু বাংলাদেশেই আসে। আমরা কি বিপদে পড়েছি?”

বাংলাদেশে সংসদ নির্বাচনের আগে পশ্চিমা দেশগুলোর তৎপর হয়ে ওঠার মধ্যে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে একথা বলেন কাদের।

“তারা ঘুরে ফিরে এখানে আসে। নাইজার, সোমালিয়া, কঙ্গোর খবর নাই। ওইসব দেশে প্রতিদিন জেনারেলদের বলি হচ্ছে নিরীহ মানুষ। লক্ষ লক্ষ মানুষ রিফিউজি হচ্ছে। এসব নিয়ে তাদের মাথাব্যথা নেই।”

বাংলাদেশকে নিয়ে পশ্চিমাদের অবস্থানে ধোঁয়াশাচ্ছন্ন বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “প্রথমে প্রশংসা করেছে শেখ হাসিনা মানবিক নেত্রী। জাতিসংঘ ও উন্নত দেশগুলো কি শেখ হাসিনার প্রশংসা করে দায়িত্ব শেষ করবে? আজকে আমাদের বিবেক এসব প্রশ্নে উত্তর পায় না। বিশ্ব বিবেকের কাছে এসব প্রশ্নে কোনো জবাব নেই।”

বিএনপি ক্ষমতায় ফিরলে দেশে গণতন্ত্র হারিয়ে যাবে বলে দাবি করেন কাদের।

তিনি বলেন, “পনেরই অগাস্ট, তেসরা নভেম্বর ও একুশে অগাস্টের যারা খুনি, তাদের হাতে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবাধিকা নিরাপদ নয়। আজকে এই মহলটি আমাদের সাথে সংঘাতে মেতে উঠেছে।

“এই মাটি আমাদের শেকড়। এই মাটির বাইরে আমরা যাব না। যাওয়ার কোনো দৃষ্টান্ত নেই। আপনার নেতাই লন্ডনে আজকে পালিয়ে আছে। সাহস থাকলে রাজপথে এসে মোকাবেলা করুক।”

বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, “লাফালাফি করেন। চার-পাঁচ দিন ধরে দেখছি, একটু নরম সরম। তাদের বেলা শেষ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে, এক দফারও বেলা শেষ। দম ফুরিয়ে আসছে, চোখে ‍মুখে অন্ধকার দেখছে।”

আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফরের প্রসঙ্গ তুলে কাদের বলেন, “পাঁচ জনের প্রতিনিধি দল ভারতে গেছে। ওদের (বিএনপির) চোখে মুখে ঘুম নেই। ভারত আমাদের বন্ধু। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। কোনো বন্ধু আমাদের ক্ষমতায় বসাবে না।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “একজন মানুষের কয়টা জন্মদিন থাকে? মির্জা ফখরুল মিথ্যা কথাকে কেমন সুন্দর করে সত্য বলে বয়ান করেন। আমার প্রশ্ন, আপনার নেত্রীর ছয়টা জন্মদিবস কেন? এই প্রশ্নের জবাব আমি পাইনি।”

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রী সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন হলের ছাত্রলীগ নেতারা বক্তব্য দেন।