যেন আমরা ফখরুল সাহেবকে সংলাপে ডেকেছি: হাছান
“বাংলাদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এই বাস্তবতাকে বিএনপিকে মেনে নিতেই হবে।”
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপের কোনো সুযোগ নেই বলে আবারও জানিয়েছেন তথ্য ও সস্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
শুক্রবার মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গতকালের বক্তব্যে মনে হচ্ছে যে, তাদেরকে মনে হয় আমরা ডেকেছি সংলাপের জন্য। তাদেরকে তো সংলাপের জন্য ডাকা হয়নি।
“তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো সংলাপ করার সুযোগ নেই, কোনো সংলাপ হবেই না।”
বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, “আমরা কোনো ফরমেটেই সংলাপে যেতে চাই না, যতক্ষণ না সরকার ঘোষণা দেবে যে, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে… এই ঘোষণা সরকারকে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করেই দিতে হবে। এ ব্যাপার ছাড়া কোনো সংলাপের প্রশ্নই উঠবে না।”
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি জানিয়ে আসছে, তা নাকচ করে হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। এই বাস্তবতা বিএনপিকে মেনে নিতেই হবে।”
বিএনপির এই দাবি দেশ বা দেশের বাইরে কোথাও গুরুত্ব পায়নি বলেও মনে করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “তাদের (বিএনপি) যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে দাবি সেটি দেশে যেমন সমর্থন পায়নি, আন্তর্জাতিক অঙ্গনে যাদের হাতে-পায়ে ধরে তারা, নিয়মিত গিয়ে দেন-দরবার করেন তাদের কারো সমর্থন পায় নাই।
“সেটি দেশেও মাঠে মারা গেছে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকেও সেটি প্রত্যাখাত হয়েছে। এই বাস্তবতা মেনে নিয়েই তাদের আগামী নির্বাচনে আসতে হবে।”
নির্বাচনের পরিবেশ ও পর্যবেক্ষক পাঠানোর সম্ভাব্যতা যাচাইয়ে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন বা অনুসন্ধানী অগ্রগামী দলের যে সফর হতে যাচ্ছে শনিবার, সেটি নিয়েও প্রতিক্রিয়া জানান তথ্যমন্ত্রী।
আগামী ২৩ জুলাই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের প্রতিনিধি দলের এই সফরকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “নির্বাচন কমিশন একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যেই তারা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রতিনিধি দল আসছে।
“অর্থাৎ নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে এবং সেই স্বাধীন নির্বাচন কমিশন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে।”
মন্ত্রী জানান, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে প্রস্তুতিমূলক নানা বিষয়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও করবে এই প্রতিনিধি দল।
