২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া আবার হাসপাতালে ভর্তি

এনিয়ে মোট ছয় দফায় এভারকেয়ারে ভর্তি করা হল বিএনপি চেয়ারপারসনকে।

খালেদা জিয়া আবার হাসপাতালে ভর্তি

হাসপাতাল থেকে গত ৭ নভেম্বর গুলশানের বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 11:01 PM

Updated : 28 Aug 2022, 11:01 PM

টানা ১৩ দিন হাসপাতালে থাকার পর গত ২৪ জুন বাড়িতে ফিরেছিলেন খালেদা জিয়া, তার দুই মাস পর আবার হাসপাতালে ভর্তি হলেন তিনি।

রোববার রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, “ম্যাডামকে মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পর্যালোচনা করে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ৭৮ বছর বয়সী খালেদার চিকিৎসা চলছে।

গত ২২ অগাস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয়েছিলো। কয়েকটি পরীক্ষা শেষে গুলশানের বাসায় ফিরে যান তিনি।

সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্ত খালেদা জিয়া সর্বশেষ ১১ জুন মাসে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল। এর ১৩ দিন পর বাড়িতে ফেরেন তিনি।

পুরনো খবর:

বাড়ি ফিরেছেন খালেদা; এখনও সুস্থ নন, বলছেন চিকিৎসকরা
হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

এর আগে গত বছরের ১৩ নভেম্বর গুলশানের এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই দফায় ৮১ দিন হাসপাতালে থেকে ১ ফেব্রুয়ার ফিরেছিলেন বাড়িতে। তখন তার লিভার সিরোসিস ধরা পড়েছিল।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Image

খালেদা জিয়া

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজার রায় আসে।

দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালে ২৫ মার্চ খালেদা জিয়াকে দেশের মধ্যে চিকিৎসা নেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়।

পরের বছর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে এনিয়ে মোট ছয় দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হতে হল।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে কয়েক দফা আবেদন করেছিলেন তার ভাই শামীম এস্কান্দার। কিন্তু প্রতিবারই তা নাকচ করে সরকার।