২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে ঢাকায় শোভাযাত্রার ঘোষণা বিএনপির

সাম্প্রতিক হরতাল-অবরোধে ‘ঝটিকা’ মিছিল ছাড়া দলটির নেতাকর্মীদের প্রকাশ্যে তেমন দেখা যায়নি।

বিজয় দিবসে ঢাকায় শোভাযাত্রার ঘোষণা বিএনপির

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 11:32 PM

Updated : 15 Dec 2023, 11:32 PM

বিজয় দিবসের দুপুরে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে বিএনপি।

শুক্রবার রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘‘বিজয় দিবসের দিন মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে বেলা ১টায় বর্ণাঢ্য র‌্যালি বের হবে। এই র‌্যালিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।

‘‘আমি এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

রিজভী জানান, বিজয় দিবস উপলক্ষে সকাল ৭টায় বিএনপির নেতাকর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এরপর ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় সংঘর্ষের জের ধরে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর দেশজুড়ে ধড়পাকড় শুরু হলে দলটির নেতাকর্মীরা আত্মগোপনে যায়।

এরপর থেকে হরতাল-অবরোধে ‘ঝটিকা’ মিছিল ছাড়া বিএনপি নেতাকর্মীদের প্রকাশ্যে দেখা যায়নি। তবে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে দলটির নেতাকর্মী ব্যাপক উপস্থিতি দেখা যায়। এবার বিজয় দিবসে তারা করতে চাইছে শোভযাত্রা।