২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আর ৩৬ ঘণ্টা, সরকারকে বললেন মির্জা আব্বাস

৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ অগাস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 05:15 PM

Updated : 16 Jan 2024, 05:15 PM

খালেদা জিয়াকে ৩৬ ঘণ্টার মধ্যে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে এবং তার ‘কিছু হলে’ পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিএনপি চেয়ারপারসন খালেদার আশু আরোগ্য কামনায় সোমবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তার এই হুঁশিয়ারি আসে।

মির্জা আব্বাস বলেন, “আমি আবারো অনুরোধ জানাব, ৪৮ ঘণ্টার মধ্যে… এরমধ্যে ১২ ঘণ্টা সময় চলে গেছে, আর ৩৬ ঘণ্টার মধ্যে যেন দেশনেত্রীকে বিদেশে পাঠানো হয় চিকিৎসার জন্য।

“একটা কথা আমি আবারো বলছি, এই অবস্থায় দেশনেত্রীর যদি কিছু হয়ে যায়, তাহলে আপনাদের কারো কোনো অস্তিত্ব বাংলাদেশে আমরা রাখব না। আমি দুঃখিত, আমি একটু বোধহয় আবেগপ্রবণ হয়ে গেছি।”

৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ অগাস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্য গঠিন মেডিকেল বোর্ডের বরাতে বিএনপি নেতারা বলে আসছেন, তাদের নেত্রীর অবস্থা ‘সঙ্কটজনক’। লিভার প্রতিস্থাপনের জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানো ‘জরুরি’।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার নয়া পল্টনে এক সমাবেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন।

সে কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, “আমার আসলে বোকার স্বর্গে বসবাস করছি। আমরা বুঝতে পারিনি। যেদিন নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, সেদিন থেকেই তাকে হত্যার চক্রান্ত করা হয়েছে। এই গ্রেপ্তার ছিল তাকে হত্যা করার জন্যে, আমরা বুঝতে পারিনি।

“আর না হলে কীভাবে অমানুষের মত, অমানবিকের মত একটা কথা বলেন, যে খালেদা জিয়াকে বাইরে পাঠানোর কোনো সুযোগ নাই… আইনের জটিলতা আছে। একটা মানুষের জীবন বাঁচাতে পৃথিবীর কোনো আইন-টাইন কাজে লাগে না। যখন জীবন বাঁচানোর প্রয়োজন হয়, তখন তার জন্য যে চিকিৎসা দরকার, যেখানে চিকিৎসা দরকার, যেটা করা দরকার, এটা হল মানবিক এটা আইন।”

কারাবন্দি নেতাদের বিদেশে পাঠানোর অতীত উদাহরণ তুলে ধরে মির্জা আব্বাস বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময়ে আসম আবদুর রবকে জার্মানি পাঠানো হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে, আজকের যে বেঈমান একটা আছে রাশেদ খান মেনন, তাকে বিদেশে পাঠিয়েছিলেন, তার লিভার টুকরো টুকরো হয়ে গিয়েছিল, তাকে সুস্থ করেছিলেন। আজকে সে আমাদের বিরুদ্ধে কথা বলে।

“হাজী সেলিম সে ব্যাংককে গেল, চিকিৎসা করে ফেরত আসল, সে এখন বাইরে আছে, সহি সালামতে আছে। ম খা আলমগীর (মহিউদ্দিন খান আলমগীর) একই মামলায় সাজাপ্রাপ্ত বাইরে ঘোরাফেরা করছে,  মায়া (মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া) একই মামলায় সাজাপ্রাপ্ত বাইরে ঘোরাফেরা করছে। অথচ আমার নেত্রী কিছুই অপরাধ করেনি, তাকে বন্দি করে রাখা হয়েছে।”

দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্ত। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিবারের আবেদনে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদার দণ্ড স্থগিত করেন ছয় মাসের জন্য। ওই বছরের ২৫ মার্চ খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর প্রতি ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে পরিবারের আবেদনে।

তার আশু রোগমুক্তি কামনায় নয়া পল্টনের কার্যালয়ের নিচ তলায় নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যে ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।

সাবেক ছাত্র নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা, আসাদুর রহমান খান, এবিএম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম খান আলিম, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)