বিদ্যুৎ খাত: ‘আওয়ামী বিলিওনিয়ার’ তৈরির কারখানা, সংসদে হারুন
এ মাসেই লোড শেডিং শেষ হবে এবং আগামী বছর পরিস্থিতি ‘খুব ভালোর’ দিকে যাবে, সমালোচনার জবাবের এক পর্যায়ে বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংসদে সরকারের কঠোর সমালোচনা করে বিরোধী দলের সংসদ সদস্যরা বিদ্যুৎ খাতকে ‘আওয়ামী বিলিওনিয়ার’ তৈরির কারখানায় পরিণত করার অভিযোগ তুলেছেন।
তাদের দাবি, একটি অশুভ চক্র এ খাতকে গ্রাস করেছে। আর সরকারের ভুল নীতির কারণেই মানুষ বিপর্যস্ত।
বুধবার সংসদ অধিবেশনে ‘বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন বিল ২০২২’ এর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যরা এমন অভিযোগ করেন।
এ বিল পাসের প্রস্তাব তোলার পর বিরোধীদের তোপের মুখে পড়েন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সমালেচনার জবাবে তিনি জানান, এ মাসেই লোড শেডিং শেষ হবে এবং আগামী বছর পরিস্থিতি ‘খুব ভালোর’ দিকে যাবে।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, “সংবিধান অনুযায়ী মন্ত্রিপরিষদ সদস্যরা এমপিদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য। কিন্তু তারা প্রশ্ন করে জবাব পান না। তারা সংসদে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে প্রকাশ্য আলোচনা চান। জাতি জানুক এই ১৫ বছরে সরকার কী করেছে, কী সর্বনাশ হয়েছে। সরকার কী উন্নয়ন করেছে সেটা বলুক।”
“বিদ্যুৎ খাতকে ‘আওয়ামী বিলিওনিয়ার’ তৈরির কারখানা তৈরি করা হয়েছে। সেই তথ্য ও তালিকা আছে,” অভিযোগ তার।
আগামী তিন-চার বছরে ভারত থেকে চার-পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে যোগ হওয়ার তথ্য তুলে ধরে তিনি জ্বালানি খাতের মত গুরুত্বপূর্ণ বিষয়ে ‘ভারত নির্ভরশীল’ হওয়া নিয়ে প্রশ্ন রাখেন।
আমদানিনির্ভর হওয়ায় বিদ্যুৎ খাত ঝুঁকির মুখে বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য।
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যতই থাক না কেন ঘরে ঘরে চলছে লোড শেডিং।
“কিছু ব্যক্তির হাতে অবিশ্বাস্য পরিমাণ টাকা তুলে দিতে সরকারি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রেখে রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালানো হয়। একদিন এসব লুটপাটের তদন্ত হবে। যারা লুটপাটে জড়িত, তাদের শাস্তির আওতায় আনা হবে।”
গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুরাবস্থা চলছে। একটি অশুভ চক্র এই খাতকে গ্রাস করেছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর কথা শুনে মনে হয়, তিনি ওই চক্রের মুখপাত্র হিসেবে কাজ করছেন।”
জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রওশন আরা মান্নান বলেন, “গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করছে। নিজেদের গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা হলে এ অবস্থা হত না। এখন দিনের বেলায় ঢাকায় রান্নার গ্যাস পাওয়া যায় না।”
‘আগামী বছর পরিস্থিতি খুব ভালো হবে’
বিরোধী দলীয় সংসদ সদস্যদের সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “দায়মুক্তি নিয়ে এ সংসদেই বিস্তর আলোচনা হয়েছে। বিরোধী দলও এতে অংশ নিয়েছে। এই বিধান করার কারণেই মানুষ সুবিধা ভোগ করছে।”
বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়েছে জানিয়ে তিনি বলেন, দেশের ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ গ্যাস থেকে আসে। গ্যাসচালিত এসব কেন্দ্রে গ্যাস দেওয়া বন্ধ করা হয়েছে। এর ফলে লোড শেডিং করা হয়েছে।
তার দাবি, “সরকার এ মাসেই লোড শেডিং থেকে বের হয়ে এসেছে। চাহিদা আস্তে আস্তে কমে আসছে।”
আগামী বছর পরিস্থিতি খুব ভালোর দিকে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি।
বিল পাস
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার জন্য নতুন আইন জাতীয় সংসদে পাস হয়েছে। সামরিক আমলে প্রণীত এ সংক্রান্ত আইন বাতিল করে নতুন এই আইন প্রস্তাব করা হয়।
আলোচনার পর বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিলটি তুললে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে বিলের ওপর সংশোধনী এবং যাচাই-বাছাই কমিটির প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন স্পিকার।
