১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিকালে জামিন, সন্ধ্যায় মুক্ত বিএনপির শাহজাহান ওমর

শাহজাহান ওমরকে গত ৪ নভেম্বর বাস পোড়ানোর মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

বিকালে জামিন, সন্ধ্যায় মুক্ত বিএনপির শাহজাহান ওমর

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2023, 10:12 PM

Updated : 29 Nov 2023, 10:12 PM

বিএনপির অনেক জ্যেষ্ঠ নেতার জামিন না মিললেও কারাগার থেকে মুক্তি পেয়ে গেছেন বাস পোড়ানোর মামলায় গ্রেপ্তার দলটির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।

বুধবার সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় বলে তার আইনজীবী মাসুম আহমেদ তালুকদার জানান।

এর আগে বিকালে শুনানি করে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের এই বিএনপি নেতার জামিন মঞ্জুর করেন। এরপর দ্রুত বেইল বন্ড পৌঁছানো হয় কারাগারে। সন্ধ্যায় মুক্তি পান শাহজাহান ওমর।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন সংঘর্ষের পর ডজন তিনেক মামলা করে পুলিশ। তারপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ জ্যেষ্ঠ নেতাদের অনেককেই গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপি আমলে আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা শাহজাহান ওমরকে গত ৪ নভেম্বর ভোরে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে নিউ মার্কেট থানার বাস পোড়ানোর মামলায় চার দিনের রিমান্ডে পাঠানো হয়।

বিএনপির অবরোধের মধ্যে গত ৪ নভেম্বর সন্ধ্যায় গাউছিয়া মার্কেট এলাকায় মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় বাসচালক বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা করেন।

রিমান্ড শেষে শাহজাহান ওমরকে গত ৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান। এরপর জজ আদালতে জামিনের আবেদন করে মুক্তি পেলেন তিনি।

শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় কারাগারে থাকা বিএনপি নেতা মির্জা আব্বাস এবং পল্টন থানার পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জামিন আবেদনের ওপরও এদিন শুনানি হয়। দুই আবেদনই নাকচ করে দেয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।

পুরানো খবর:

শাহজাহান ওমরের জামিন, আব্বাস ও আলাল কারাগারেই

পুরানো খবর:

বাস পোড়ানোর মামলায় বিএনপি নেতা শাহজাহান ওমর রিমান্ডে