১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্রী ও কৃষকের

বাজার থেকে বাড়িতে ফেরার পথে কৃষক এবং বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছাত্রী বজ্রপাতের শিকার হন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 11:24 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে কলেজ ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় এসব ঘটনা ঘটে বলে জানান ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।

নিহতরা হলেন- দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) এবং নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮)। তুলী ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

স্বজনরা জানান, সন্ধ্যায় তুলী রানী বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হালকা বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অপরদিকে নিজপাড়া গ্রামের মিজানুর রহমান বলেন, আব্দুল খালেক বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউএনও শহীদুল ইসলাম সোহাগ বলেন, এ ধরনের দুর্ঘটনার জন্য সরকারি যে সহযোগিতা আছে তা দেওয়া হবে। বজ্রপাত সহনীয় তাল গাছ রোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।