Published : 24 Jun 2026, 11:00 PM
বিকল্প ইঞ্জিনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশন থেকে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।
দুর্ঘটনার আড়াই ঘণ্টা পর বুধবার রাতে ১০টায় বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক।
এ ছাড়া আপলাইনে গুনবতী এলাকায় লাইনচ্যুত হওয়া ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের দুর্ঘটনা কবলিত বগি রেখে বাকি ট্রেন চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান তিনি।
তবে লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নিলে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে বলে জানান স্টেশন মাস্টার।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাসানপুর স্টেশনে একটি ট্রেনের ইঞ্জিন বিকল এবং একই সময় গুণবতী এলাকায় অপর একটি ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দুই লাইনেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, ‘সোনার বাংলা এক্সপ্রেস’ গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে ডাউন লাইনে আটকা পড়ে।
‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
এতে দুই লাইনেই ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়ে।
স্টেশন মাস্টার ওমর ফারুক বলেন, উদ্ধারকারী ট্রেন মেঘনার লাইনচ্যুত বগিটিকে সরিয়ে নিলে আপলাইনেও সচল হবে।
কুমিল্লায় এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটি লাইনচ্যুত: চট্টগ্রামের পথে রেল বন্ধ