২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান প্রীতি কমান, দেশের প্রতি ভালোবাসা বাড়ান: হানিফ

হানিফ বলেন, " স্বাধীন দেশে বসবাস করলেও কিছু মানুষের কথা ও কাজে পাকিস্তানের প্রতি প্রেমের প্রকাশ দেখা যায়। "

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 01:28 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

পাকিস্তান প্রীতি কমিয়ে বাংলাদেশের জন্য টান বাড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীতে আইইবি রমনা মিলনায়তনে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত 'শ্রদ্ধার্ঘ সভা' অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, “স্বাধীন দেশে বসবাস করলেও কিছু মানুষের কথা ও কাজে পাকিস্তানের প্রতি প্রেমের প্রকাশ দেখা যায়। আবার কিছু মানুষের মাঝে আমাদের পাশের দেশের প্রতি প্রেমের আবেগটা রক্ষিত আছে দেখা যায়। তাহলে আমাদের দেশটাকে ভালোবাসছে কে? এত ত্যাগের বিনিময়ে আমাদের দেশ, আমাদের দেশের প্রতি টানটা কোথায়?”

এ সময় নিজের দেশের প্রতি সব ভালোবাসা উজাড় করে দেওয়ার অনুরোধ জানান হানিফ।  

“দেশ ছাড়া আমাদের অন্য কারো প্রতি প্রেম ভালোবাসা থাকতে পারে না। আমাদের তাই হোক আজকের অঙ্গীকার।”

অনুষ্ঠানে কেপিআর চিত্রাঙ্কন প্রতিযোগিতার (খুদে প্রতিভার রাজ্য) সেরা চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন হানিফ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক মো. শাহিনুর রহমান।