২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নব্বইয়ের ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যু

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে গড়ে ওঠা ছাত্র ঐক্যর অন্যতম নেতা ছিলেন সাইফুদ্দিন আহমেদ মনি।

নব্বইয়ের ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যু

সাইফুদ্দিন আহমেদ মনি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 04:49 PM

Updated : 13 Oct 2023, 05:05 PM

ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন; তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

তার বড় ভাই মাইনুদ্দিন আহমেদ জানান, শুক্রবার দুপুরে মীরপুরের বারডেম হাসপাতালে মারা যান মনি।

“ও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল।গত কয়েকদিন ধরে ডাক্তাররা বলেছিলেন, ওর অবস্থা সংকটজনক। আজ দুপুর ১২টা দিকে চলে গেল।”

পরিবারের সদস্যরা জানান, সাইফুদ্দিন আহমেদ মনির মরদেহ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মহেশপুরে তাদের গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে তাকে।

নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে গড়ে ওঠা ছাত্র ঐক্যর অন্যতম নেতা ছিলেন সাইফুদ্দিন আহমেদ মনি।

ছাত্রজীবন শেষে তিনি অলি আহাদের ডেমোক্রেটিক লীগে যুক্ত হন এবং পরে দলটির সাধারণ সম্পাদক হন।

Image

হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনীতির পাশাপাশি কবিতা ও ছড়া লিখতেন মনি। তার সংকটাপন্ন অবস্থার কথা শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার হাসপাতালে ছুটে যান। সেখানে গিয়ে জানতে পারেন, মনি আর নেই। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নব্বইয়ের ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, জাগপার খন্দকার লুতফুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান আবু তাহের এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন।