অসুস্থবোধ করায় বিএনপির খন্দকার মোশাররফকে হাসপাতালে ভর্তি
রাতে বাসায় ফেরার পর বুকে কিছুটা ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসকদের পরামর্শে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মধ্যরাতে অসুস্থবোধ করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোশাররফের ছেলে খন্দকার মারুফ হোসেন জানান, তার বাবা রাতে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাবা করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।”
শুক্রবার সকালে সেগুন বাগিচায় বিএনপির মিডিয়া সেল আয়োজিত আলোচনা সভা এবং দুপুরে মহানগর উত্তর বিএনপির পদযাত্রায় যোগ দেন খন্দকার মোশাররফ। মিরপুর স্বপ্না শপিং শপ মোড়ের সামনে থেকে আগারগাঁও পর্যন্ত পদযাত্রার পুরো পথে তিনি ছিলেন।
রাতে বাসায় ফেরার পর বুকে কিছুটা ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসকদের পরামর্শে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান মারুফ।
বসুন্ধরা আবাসিক এলাকার এই হাসপাতালেরই সপ্তমতলার একটি কেবিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও চিকিৎসাধীন আছেন। গত সোমবার রাতে ‘হঠাৎ’ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনে এই হাসপাতালে ভর্তি করা হয়।
