২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগে রানের আকুতি সৌম্যর

আগের দুই বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এবারের আসর স্মরণীয় করে রাখতে চান সৌম্য সরকার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2024, 03:13 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

বেশ কিছু দিন ধরে টি-টোয়েন্টিতে ছন্দে নেই সৌম্য সরকার। ঘরের মাঠে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে কিংবা দেশের বাইরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তেমন রান করতে পারেননি বাংলাদেশের বাঁহাতি ওপেনার। তাই রানের তাগিদটা বেশ ভালোভাবেই টের পাচ্ছেন তিনি। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২১ সালের জুলাইয়ের পর কোনো ফিফটি করতে পারেননি সৌম্য। মাঝের সময়ে ২৬ ইনিংসে ১৩ বার দুই অঙ্কও ছুঁতে পারেননি ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। চারবার ফেরেন খালি হাতে। 

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে খেলা যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সেটিই প্রায় তিন বছরের মধ্যে তার সর্বোচ্চ। 

সবশেষ বিপিএলে ১৪ ইনিংসে এক ফিফটিতে ২৬২ রান করেন সৌম্য। এছাড়া তিন সংস্করণ মিলিয়ে সবশেষ ১৩ ইনিংসে তার ফিফটি কেবল একটি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬৬ বলে ৬৮ রান।

তাই তো টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে রান করার গুরুত্বটা ভালোভাবেই বুঝতে পারছেন সৌম্য। বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন ‘গ্রিন-রেড স্টোরি’-তে অনেক কথার মাঝে রানের আকুতিও জানিয়েছেন তিনি। 

“একজন ব্যাটসম্যানের জন্য রানটাই গুরুত্বপূর্ণ। যেখানেই রান করুক, তার আত্মবিশ্বাসটা বাড়াতে সাহায্য করে। রান না করলে কখনও একজন ব্যাটসম্যানের আত্মবিশ্বাস তৈরি হয় না।” 

“রান করতে পারলে অবশ্যই মানসিকভাবে অনেক সাহায্য করবে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের যেসব মাঠে খেলব, আমাদের তেমন অভিজ্ঞতা নেই। যত দ্রুত আমরা সেই জায়গাতে মানিয়ে নিতে পারব, আমাদের জন্য ভালো হবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসরে খেলার অপেক্ষায় সৌম্য। আগের তিন বিশ্বকাপ ভালো কাটেনি তার। ১৫ ম্যাচে মাত্র ১০.০৬ গড় ও ১০০ স্ট্রাইক রেটে তিনি করেছেন ১৫১ রান। সর্বোচ্চ ইনিংসটি স্রেফ ২১ রানের।

বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও ভালো করতে পারেননি সৌম্য। ভারতের বিপক্ষে প্রথম ওভারে রানের খাতা খোলার আগে ড্রেসিং রুমের পথ ধরেন বাঁহাতি ওপেনার।

অতীতের ব্যর্থতা কাটিয়ে এবারের আসরে পরিসংখ্যান বদলাতে চান সৌম্য।

“চেষ্টা করব, ২০২৪ সালটা যেন আমার জন্য স্মরণীয় কিছু করতে পারি এবং আমার পাশাপাশি দলকেও ভালো কিছু একটা উপহার দিতে পারি। আগের দুটি বিশ্বকাপে তেমন ভালো কিছু করিনি। তাই ২০২৪টা স্মরণীয় করে রাখতে চাই।”

সৌম্যর মতো অবশ্য ছন্দে নেই টপ-অর্ডারের দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসও। টপ-অর্ডারের সমস্যা মাথায় নিয়েই শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।