নির্বাচনে নিজেদের দোষ ধরা বন্ধ করুন: দলীয় সভায় শেখ হাসিনা
“একে অপরের দোষ ধরা নিয়ে যদি ব্যস্ত থাকি, তাহলে এটা কিন্তু আমাদের বিরোধী দলকে আরও উত্ফুল্ল করবে।”
দ্বাদশ সংসদ নির্বাচনে একজন আরেকজনের খুঁত খুঁজে না বেড়াতে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যারা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে হেরেছেন, তাদের প্রতিও একই পরামর্শ রেখেছেন তিনি।
শেখ হাসিনা সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগের লোকেরা যদি নিজেরা দোষ খুঁজতে থাকে, তাহলে তা বিরোধীদের আরও ‘উৎফুল্ল’ করবে।
গত ৭ জানুয়ারির ভোটে নৌকা নিয়ে লড়াই করা আওয়ামী লীগ বা তার জোটের শরিক দলের একাধিক প্রার্থী কারচুপির অভিযোগ আনার মধ্যে দলের যৌথসভায় এ কথা বলেন তিনি।
সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভায় দলের সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলীর সদস্যরা ছাড়াও সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
যৌথসভা শুরুর আগে শেখ হাসিনা গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সবার উদ্দেশে বক্তব্য রাখেন।
সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাদের সমর্থকদের দোষ না খোঁজার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “এই নির্বাচনটা যাতে না হয় এটা নিয়ে অনেক চক্রান্ত ছিল, অনেক ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র মোকাবিলা করেই আমরা নির্বাচনটা করেছি।
“আমরা নির্বাচনে সব সময় মনোনয়ন দিয়েছি, আর আমাদের বড় দল, অনেকেই নির্বাচন করতে চায়, সেই জন্য নির্বাচনটা আমরা উন্মুক্ত করে দিয়েছিলাম। সেখানে কেউ জয়ী হয়েছে, কেউ জয়ী হতে পারেনি। সেক্ষেত্রে আমি একটা অনুরোধ করব, একজন আরেকজনকে দোষারোপ করা বা কার কী দোষ ছিল খুঁজে বের করা, এগুলো বন্ধ করতে হবে।
“কাউকে বেশি দোষারোপ করা এবং একে অপরের দোষ ধরা নিয়ে যদি ব্যস্ত থাকি, তাহলে এটা কিন্তু আমাদের বিরোধী দলকে আরও উত্ফুল্ল করবে।”
বিএনপি-জামায়াত ও সমমনাদের বর্জনের এই নির্বাচনে আওয়ামী লীগ নৌকার মনোনীতদের বাইরে দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ উন্মুক্ত করে দিয়েছিল। স্বতন্ত্র হিসেবে লড়াই করা আওয়ামী লীগ নেতাদের মধ্যে ৫৯ জন নৌকা ডুবিয়ে জিতেও এসেছেন।
তবে যারা হেরেছেন, তাদের অনেকেই কারচুপির অভিযোগ এনেছেন। মানিকগঞ্জ-২ আসনে হেরে গিয়ে মমতাজ বেগম বলেছেন, মৃত ও বিদেশে থাকা ব্যক্তিদের নামেও ভোট দেওয়া হয়েছে। এভাবে তাকে হারানো হয়েছে।
কুষ্টিয়া-২ আসনে নৌকা নিয়ে লড়াই করে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের কাছে হেরে গিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, “আমি মনে করি পরিকল্পিতভাবে ভোট কারচুপি হয়েছে। এখানে প্রশাসনের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তায় আমি ক্ষতিগ্রস্ত হইছি এবং পরাজিত হইছি।”
রংপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করে হেরে গিয়ে কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার জনসভা করে বলেছেন, “আমাদের ভোট হয়েছে রাত ৩টার সময়। আমাদের যে আশ্বস্ত করেছিল, সেই আশ্বস্ততা রাখেনি। বেলা ১২টার সময় আমাকে জানানো হয়েছে ভোট হয়ে গেছে।”
রাজশাহী-২ আসনে নৌকা নিয়ে লড়াই করা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতার কাছে হেরে গিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন।
আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসনে সমঝোতা করে ভোটে গিয়ে স্বতন্ত্র প্রার্থীদের কাছে ১৫টি আসনে হেরে যাওয়া জাতীয় পার্টির নেতারাও এনেছেন কারচুপির অভিযোগ।
নির্বাচন শেষে নতুন সরকার গঠন হয়ে গেলেও এসব বিতর্ক চলছেই। একাধিক এলাকায় আওয়ামী লীগের একাংশ আরেক অংশের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও উঠেছে।
আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ভোট যে ‘সুষ্ঠু হয়নি’, তার প্রমাণ মিলছে আওয়ামী লীগের বক্তব্যেই।
শেখ হাসিনা বলেন, “আমাদের দল এবং আরও কয়েকটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা জনগণের যে সমর্থন পেয়েছি সেটা কাজের স্বীকৃতি। আমরা জনগণের জন্য কাজ করেছি, সেই জন্য মানুষ আমাদের ভোট দিয়েছে। সেখানে হয়ত কেউ জিততে পেরেছে, কেউ পারেনি। হারা জিতা যাই হোক, সেটা মেনে নিয়ে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে।”
‘হেরে যাবে জেনেই ভোটে আসেনি বিএনপি’
পরাজয় জেনেই বিএনপি নির্বাচনে আসেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আসলে আমাদের বিরুদ্ধে যে দল, তারা তো গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করে অভ্যস্ত না।
“জাতীয় ও আন্তর্জাতিকভাবে যেসব জরিপ হয়েছিল, সেখানে বিএনপি তাদের জোট নিয়ে নির্বাচনে অংশ নিলে সরকার গঠন করবে না, সেই সংখ্যক সিট তারা পাবে না, এটা উঠে এসেছিল। একমাত্র আওয়ামী লীগই সরকার গঠনের জন্য পর্যাপ্ত সিট পাবে, সেই কথা শোনার পরে তারা নির্বাচনে আসবে না, এটা তো স্বাভাবিক।”
বিএনপির জন্মের পর নির্বাচনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “ওদের সৃষ্টি হচ্ছে অবৈধভাবে অস্ত্র হাতে নিয়ে ক্ষমতা দখল করে, জনগণের ভোট চুরি করে। এসব কালচার তো বিএনপির আমলেই সৃষ্ট। দুর্নীতি করা আর মানুষ খুন করা, এটাই তো বিএনপির চরিত্র, এটাই তারা পারে।
“তাদের নেতাও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। এই অবস্থায় আমরা সরকার গঠন করেছি। জনগণের আস্থা বিশ্বাস আমরা পেয়েছি। এই বিশ্বাসের মর্যাদায় আমাদের এগিয়ে যেতে হবে। উন্নয়নের কাজগুলো আমরা করে যাচ্ছি।”
বিএনপিকে নিয়ে সতর্ক থাকার আহ্বান পরামর্শও দেন শেখ হাসিনা। তিনি বলেন, “যারা রেল গাড়িতে আগুন দিয়ে মা শিশুকে মারে, যারা বাসে আগুন দিয়ে মানুষ মারে, যারা ট্রাকে আগুন দিয়ে মানুষ মারে, ওই অগ্নি সন্ত্রাসীদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আর মিথ্যাচার এই দেশের ভাবমূর্তি নষ্ট করে। তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে।”
বিএনপির ভোট বর্জনের ডাকে মানুষ সাড়া দেয়নি দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন, “তারা লিফলেট বিতরণ করেছে মানুষ যেন ভোট কেন্দ্রে না যায়। কিন্তু তারা যত বেশি লিফলেট বিতরণ করবে, তত বেশি ভোট কেন্দ্রে মানুষ যাবে, এটা হল বাস্তব কথা।
“যারা এভাবে নির্বাচন বানচাল করতে চায়, তারা গণতান্ত্রিক পরিবেশই চায় না। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না, তারা দেশের শত্রু, জনগণের শত্রু। তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তাদের কথা ছেড়ে দিয়ে দেশের জন্য কাজ করতে হবে।”
