১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রোটনের মরদেহ নেওয়া হচ্ছে ঢাকায়, দাফন চট্টগ্রামে

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি।

রোটনের মরদেহ নেওয়া হচ্ছে ঢাকায়, দাফন চট্টগ্রামে

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 09:09 AM

Updated : 11 Oct 2026, 09:12 AM

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ নেওয়া হচ্ছে ঢাকায়, জানাযা শেষে নেওয়া হবে চট্টগ্রামের বাড়িতে।

কলকাতার অ্যাপোলো হাসপাতালে শনিবার সকাল ৭টার দিকে ৪৮ বছর বয়সি এ রাজনীতিকের মৃত্যু হয়। এরপর লাশ দেশে নিতে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে প্রয়োজনীয় প্রক্রিয়া সারা হয়।

কলকাতায় অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোটনের মরদেহ রোববার দুপুরের পর ঢাকায় পৌঁছাবে। ঢাকায় জানাযা শেষে চট্টগ্রামের রাউজানের বাড়িনেওয়া হবে। সেখানে জানাযা শেষে দাফন করা হবে।”

রোটনের মরদেহের সঙ্গে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক তাজরিরুল হক অনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। বেনাপোল থেকে আরেকটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ ঢাকায় নেওয়া হবে।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রোটন। ছয় দিন আগে তাকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় বলে রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানিয়েছেন।

রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন তিনি।

ছাত্রলীগের পর রোটন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হন তিনি।

রোটনের এক বছর বয়সি জমজ ছেলে রয়েছে।