ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে জড়ো হওয়াদের মারধর
বাধার মুখে পরে সেখানে জানাজা হয়নি; পুলিশ চারজনকে আটক করেছে।
রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা হয়েছে।
রোববার বিকালে ধানমন্ডির লেক সার্কাস এলাকার তাকওয়া মসজিদ প্রাঙ্গণে একদল ব্যক্তির মারধরে আহত হয়ে কয়েকজন হাসপাতালে গেছেন বলে তথ্য মিলেছে। মসজিদের সামনে থেকে পুলিশ চারজনকে আটকও করেছে।
হামলাকারীরা স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী বলে অভিযোগ জানাজায় অংশ নিতে আসা কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের।
তাকওয়া মসজিদে রোটনের জানাজা হওয়ার খবরে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও তার শুভাকাঙ্খীরা সেখানে জড়ো হয়েছিলেন। তবে পুলিশের বাধার মুখে তার মরদেহ সেখানে নেওয়া যায়নি।
এর আগেই জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা হয় বলে অভিযোগ হামলার শিকার ব্যক্তিদের।
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। তার বয়স হয়েছিল ৪৮ বছর। রোববার তার মরদেহ দেশে আনা হয়। এদিন বিকালে ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা হওয়ার কথা ছিল।
যশোরের বেনাপোল স্থলবন্দর রোববার রোটনের মরদেহ দেশে আসে। পরে ঢাকা হয়ে তার গ্রামের বাড়ি চট্টগ্রামে মরদেহ নেওয়ার আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা পড়ানোর কথা ছিল। এদিন বিকালে সেখানে যেতে চাইলে সাইন্সল্যাব মোড়ে পুলিশ মরদেহবাহী গাড়ি আটকে দেয়।
রোটনের মরদেহের সঙ্গে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদ আসর তাকওয়া মসজিদে জানাজা পড়ার কথা ছিল। পৌনে ৪টার দিকে সাইন্সল্যাব মোড়ে এলে পুলিশ ধানমন্ডির দিকে যেতে বাধা দেয়। হাসপাতালের উল্টো পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর পুলিশ দ্রুত নিয়ে যেতে বললেও পরে সিদ্ধান্ত বদলে চট্টগ্রামের পথে রওনা হয় গাড়ি।
তাকওয়া মসজিদের সামনে জানাজায় অংশ নিতে আসা মাজহারুল ইসলাম মানিক নামের একজন বলেন, বাদ আছর তাকওয়া মসজিদে জানাজা হওয়ার কথা। কিন্তু নামাজের আগেই পুলিশ মরদেহ ধানমন্ডি এলাকায় প্রবেশ করতে দেয়নি।
তার অভিযোগ, জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা মারধর করে।
ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম বলেন, “যারা রোটেনের মরদেহ নিয়ে আসছিলেন তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। তাদের বলেছি, ধানমন্ডিতে এসে যেন জানাজা পড়িয়ে যায়। কিন্তু তারা রাজি না হয়ে বলেছে, চট্টগ্রামে যেতে দেরি হয়ে যাবে। এজন্য তারা ওদিক দিয়ে চলে গেছে।”
নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, “তারা কয়েকজন মিছিল করার চেষ্টা করছিল। পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছে।”
তবে কোথায় মিছিল করার চেষ্টা করেছিল এবং কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য দেননি তিনি। বলেন, “তাদের আগে থানায় নিয়ে আসুক তখন জানা যাবে।”
