বিএনপি ভাঙলে অন্তর্কলহই দায়ী: সেতুমন্ত্রী
সরকারের এ মুহূর্তে কোনো দলকে ভাঙার গরজ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার ফেনীতে তিনি বলেন, “বিএনপি যদি কখনও ভাঙে বা ভাঙনের সুর বাজে সেটির জন্য দলের নেতাদের অন্তর্কলহই দায়ী।
“সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে। সরকারের জন্য এ মুহূর্তে বিএনপি অস্বস্তির কারণ নয়,” বলেন কাদের।
দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লালপোল এলাকায় নবনির্মিত প্রথম ফুট ওভার ব্রিজ উদ্বোধনকালে মন্ত্রী আরও বলেন, ফেনী-নোয়াখালী সড়ক বেহাল থাকায় ঈদের দিন চিফ ইঞ্জিনিয়ার, তিনজন সহকারী ইঞ্জিনিয়ারসহ কয়েকজনকে শোকজ করা হয়েছে।
একই সঙ্গে সড়ক সংস্কারের জন্য তাদের সাত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের আওয়তায় ৩৩টি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ফেনীর লালপোল এলাকায় নির্মিত প্রথম ফুটওভার ব্রিজটি উদ্বোধন করা হলো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদে কে যোগ হবে কে বাদ পড়বে তা একমাত্র প্রধানমন্ত্রী জানেন।
এ মুহূর্তে আর কোনো পরিবর্তন হওয়ার কোনো আভাস তিনি পাননি বলে জানান।
ফুট ওভার ব্রিজ উদ্বোধনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।
