২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র করে সভাপতিকে গ্রেপ্তার: ছাত্রদল

সভাপতি রাজীব আহসানকে ষড়যন্ত্র করে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তার প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 05:13 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

পটুয়াখালীতে রাজীবকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে মঙ্গলবার জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং বুধবার সব থানা-উপজেলা-পৌরসভার শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

রোববার রাতে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিতে রাজীবসহ ছয়জনকে ইয়াবা ও মদের বোতলসহ গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। 

নয়া পল্টনে সংগঠনের কার্যালয়ে ছাত্রদল সহসভাপতি নাজমুল হাসান বলেন, “সারাদেশে ছাত্রলীগের অপকর্ম ও অরাজকতাকে আড়াল করতেই সরকার পরিকল্পিতভাবে মাদক দিয়ে জনপ্রিয় ছাত্র সংগঠনের সভাপতিকে গ্রেপ্তারের নাটক মঞ্চস্থ করেছে।”

রাজীব বরিশালের মেহেন্দীগঞ্জে নিজের গ্রামের বাড়িতে বাবা মাস্টার মিজানুর রহমানের কবর জিয়ারত করে আত্মীয়ের বাসা ঘুরে ঢাকায় ফেরার পথে পুলিশ তাকে আটক করে বলে জানান তিনি।

নাজমুল বলেন, “ছাত্রদলের আকাশচুম্বী জনপ্রিয়তাকে হেয় করার উদ্দেশ্যে এই ঘটনা সাজানো হয়েছে। ছাত্রদল গোছানোর জন্য বিভিন্ন কমিটির কাজ যখন শেষ পর্যায়ে ঠিক সেই মুহূর্তে রাজীব আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই।

“সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাকির হোসেনকেও ককটেলসহ আটক দেখানো হয়েছিল। সভাপতিকে গ্রেপ্তার এই ধারাবাহিকতার অংশ বলে আমরা মনে করি। এভাবে ছাত্রদলের নেতৃত্বকে বিতর্কিত করতে পরিকল্পিত ঘটনা সাজানো হচ্ছে।”

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সহসভাপতি তারেক-উজ-জামান, মামুন বিল্লাহ, ইখতিয়ার কবির, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, সহ সাধারণ সম্পাদক এম ইউ চৌধুরী ফয়সল, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ছাত্রদল সভাপতি ‘ইয়াবাসহ’ গ্রেপ্তার