২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতন যত বাড়বে সংকট তত ঘনীভূত হবে: নোমান

দমন-পীড়ন চালিয়ে রাজনৈতিক সংকটের সমাধান হয় না মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন যত বাড়বে সংকট তত ঘনীভূত হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

একমাত্র মধ্যবর্তী নির্বাচনই চলমান সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে বলে মন্তব্য করেন তিনি।

রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘ঈদ শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে তিনি এসব বলেন।

দলীয় নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকদের জন্য এ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের আয়োজন করেন আবদুল্লাহ আল নোমান।

দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভোটারবিহীন একদলীয় নির্বাচন’ আখ্যা দিয়ে তিনি বলেন, “সেসময় প্রধানমন্ত্রী বলেছিলেন, এটা নিয়ম রক্ষার নির্বাচন।”

‘প্রধানমন্ত্রী তখন দ্রুত নতুন নির্বাচনের ওয়াদা করেছিলেন’ দাবি করে এই বিএনপি নেতা বলেন, “তাই প্রধানমন্ত্রীর উচিত ক্ষমতা থেকে সরে গিয়ে মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করে তার দেওয়া ওয়াদা রক্ষা করা।”

তিনি বলেন, “দমন-পীড়ন চালিয়ে কখনও রাজনৈতিক সংকটের সুরাহা হয় না। দমন-পীড়ন যত বাড়বে সংকট তত ঘনীভূত হবে। চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে অতি দ্রুত মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করা।”

তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী ও সংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নোমান বলেন, “গণআন্দোলন কখনও ব্যর্থ হয় না, তবে বিলম্বিত হয়। বিজয় আমাদের হবেই- এটা নিশ্চিত।”

সকাল থেকে টানা বৃষ্টির মধ্যেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার ও কেন্দ্রীয় শ্রমিক দল নেতা এ এম নাজিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে নোমান আমন্ত্রিতদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাংস, শুটকি ও পায়েসসহ বিভিন্ন খাবারে  আয়োজন করা হয়।