খালেদা বিএনপি ছাড়লেও জামায়াত ছাড়বেন না: হাছান
বিশ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া নিজের দল বিএনপি ছাড়তে পারলেও ‘জামায়াত ছাড়তে পারবেন না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন আপনাকে প্রকাশ্যে জামায়াত ছাড়ার কথা বলেছে। সমগ্র পৃথিবী আপনাকে জামায়াত ছাড়ার কথা বলছে। আপনার দলের নেতারাও জামায়াত ছাড়ার কথা বলছেন।
“এরপরও আপনি (খালেদা) যখন জামায়াতের পাশে গিয়ে বসেন, তখন মনে হয় আপনি বিএনপি ছাড়তে পারলেও জামায়াত ছাড়তে পারবেন না।”
আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ‘বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে।
আগের দিন জামায়াতে ইসলামীর ইফতারে খালেদা জিয়ার যোগদানের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নেতা হাছান আলোচনা সভায় বলেন, “যুদ্ধাপরাধীদের সহযোগী ও যুদ্ধাপরাধীদের পাশে গিয়ে তিনি বলেছেন, বুঝিয়েছেন যে তিনি তাদের পাশে আছেন।”
নানামুখী চাপের মধ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির ‘সম্পর্কের অবনতি ঘটেছে’ বলে রাজনৈতিক মহলে আলোচনার মধ্যে বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দলটির ইফতারে যোগ দেন বিএনপি চেয়ারপারসন
‘দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে’- খালেদার এমন বক্তব্যের সমালোচনা করে সাবেক মন্ত্রী হাছান বলেন, “আসলে খালেদা জিয়া চান না যে পুলিশ পেট্রোল বোমাবাজদের গ্রেপ্তার করুক। এ জন্য তিনি এমন কথা বলছেন।”
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের ডাকা টানা ৯২ দিনের অবরোধ-হরতালে নাশকতা ও বিভিন্ন যানবাহনে পেট্রোল বোমা হামলায় ১৩০ জনের বেশি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি ও বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ আলোচনায় অংশ নেন।
