‘সাজানো’ অভিযোগে নির্বাচিতদের সরানো হচ্ছে: বিএনপি
স্থানীয় সরকারের দলীয়করণের জন্য মিথ্যা অভিযোগ সাজিয়ে বিরোধী পক্ষের নির্বাচিত জন প্রতিনিধিদের সরানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন।
তিনি বলেন, দেশের উপজেলা-পৌরসভাগুলোতে অর্থাৎ স্থানীয় সরকার প্রতিষ্ঠাগুলোতে যেসব বিরোধী সমর্থক জনপ্রতিনিধি রয়েছেন, তাদের বিরুদ্ধে মনগড়া ও মিথ্যা অভিযোগ এনে পদচ্যুত করা হচ্ছে।
“নানা অচলাবস্থা সৃষ্টি করে তাদের দায়িত্ব পালনের ব্যর্থ হওয়ার কথা বলে পদচ্যুত করে সেখানে শাসক দলীয় কাউন্সিলর কিংবা মেম্বার যারা আছেন, তাদেরকে কোথাও চেয়ারম্যান কোথাও ভাইস চেয়ারম্যান কিংবা মেয়র পদে বসানো হচ্ছে।’’
এতে স্থানীয় সরকার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন।
তিনি বলেন, জনগণ যাদের ভোট দিয়ে মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার করেছেন, তাদেরকে দায়িত্ব পালনের বাধা সৃষ্টি করার কোনো যুক্তি নেই। কিন্তু সরকার সেটাই করছে।’
এক্ষেত্রে আদালত ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন, বিরোধী দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ‘মনগড়া’ কতগুলো অভিযোগ এনে তাদের জেলখানায় পাঠিয়ে এবং এলাকা ছাড়া করা হচ্ছে। এভাবে নানা ধরনের অচলাবস্থা সৃষ্টি করে প্রশাসনিক অসন্তোষ তৈরির একটি ক্ষেত্রে তৈরি করছে সরকার।
স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল ও ভঙ্গুর করার এসব প্রক্রিয়া থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।
“স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করে আপনারা প্রকারান্তরে জনগণের রায়কে অশ্রদ্ধা করছেন। জনগণের ভোটাধিকারকে অসন্মানের পরিণতি শুভ হবে না।”
ভোলায় সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম ও খাগড়াছড়িতে সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভুঁইয়ার ইফতার পার্টি করতে না দেওয়ার অভিযোগ করেন রিপন।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা সেলিম রেজা হাবিব, আসাদুল করীম শাহিন, এবিএম মোশাররফ হোসেন, সেলিনা সুলতানা নিশিতা ও শাহজাদী কোহিনুর পাপিয়া উপস্থিত ছিলেন।
