‘মায়া জটিলতার’ নিরসন সংসদে চান দুদক কৌঁসুলি
ফৌজদারি মামলায় খালাসের রায় বাতিল হওয়ার পর মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সংসদ সদস্যপদ থাকা নিয়ে যে বিতর্ক উঠেছে, তার অবসান সংসদে হওয়া উচিত বলে মত জানিয়েছেন মামলাকারী দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি।
বুধবার সর্বোচ্চ আদালতের রায় প্রকাশের পর এই মত জানান আইনজীবী খুরশীদ আলম খান। তবে তিনি এটাও মনে করেন, আওয়ামী লীগের এই নেতার সংসদ সদস্য পদে আর থাকা উচিত নয়।
অন্যদিকে রায় দেখে মায়ার আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলছেন, তার মক্কেলের আপিল এখন বিচারাধীন হিসেবে সংসদ সদস্যপদের অযোগ্যতা সংক্রান্ত সংবিধানের বিধান এক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ মায়ার সংসদ সদস্য হিসেবে থাকতে বাধা নেই।
আট বছর আগের একটি দুর্নীতি মামলায় গত ১৪ জুন আওয়ামী লীগ নেতা মায়াকে খালাস করে হাই কোর্টের দেওয়া রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ দেয় আপিল বিভাগ।
আদেশে বলা হয়েছে, মায়াকে খালাস দিয়ে দেওয়া রায়ে হাই কোর্ট বিচারিক মন প্রয়োগ করেনি।
আদেশে বলা হয়, “২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ ও ২৭ ধারা আলাদা শাস্তিযোগ্য অপরাধ। আইনের ২৭ ধারার অপরাধের ক্ষেত্রে পৃথক নোটিস দেওয়ার প্রয়োজন নেই।.. এ নিয়ে উত্থাপিত প্রশ্ন ইতোমধ্যে এই বিভাগে (আপিল বিভাগ) নিষ্পত্তি হয়েছে। এই সিদ্ধান্ত থেকে সরে আসার অকাট্য যুক্তি দেখা যায়নি।
“এ অবস্থায় নতুন করে হাই কোর্টে আপিল শুনানির জন্য ফেরত পাঠানোর বিকল্প নেই। হাই কোর্ট বিভাগ বিষয়বস্তুর ওপর ত্বরিত আপিল নিষ্পত্তি করবে।”
২০০৭ সালের ১৩ জুন জরুরি অবস্থার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ওই মামলায় সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
পরের বছর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে তাকে পাঁচ কোটি টাকা জরিমানাও করা হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে যান। তার আপিলের শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর হাই কোর্ট বেঞ্চ তাকে খালাস দেয়।
তবে আপিল বিভাগ খালাসের রায় বাতিলের পর মায়ার সংসদ সদস্য পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপি তার পদত্যাগও দাবি করেছে।
এক বছর আগে নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় জামাতা তারেক সাঈদ মোহাম্মদের জড়িত থাকার অভিযোগ উঠলেও মায়ার পদত্যাগের দাবি উঠেছিল। কিন্তু তখন তিনি সেই দাবি প্রত্যাখ্যান করেছিলেন।
এবার সর্বোচ্চ আদালতের রায়ের পর কোনো প্রতিক্রিয়া দেখাননি দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর দায়িত্বে থাকা মায়া; যিনি একইসঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।
‘অযোগ্যতার বিধান প্রযোজ্য হবে না’
রায় প্রকাশের পর বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজের চেম্বারের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাসেত মজুমদার।
তিনি বলেন, আপিল বিভাগ রায়ে নতুন করে আপিল শুনানির জন্য হাই কোর্টে পাঠানো হয়েছে।
এখন মায়ার অবস্থা কী হবে- এ প্রশ্নে বাসেত মজুমদার বলেন, “এখন সাজাটা বিচার সাপেক্ষে আছে। সুতরাং উনি মন্ত্রী থাকুক বা সাংসদ থাকুক, আমি মনে করি, সংবিধানের ওই বিধানটি (অযোগ্যতা) এই প্রেক্ষাপটে প্রযোজ্য হবে না।
“কারণ তার আপিল বিচারাধীন। আপিল হচ্ছে মূল বিচারের ধারাবাহিকতা। ..আপিল সাপেক্ষে তার মন্ত্রিত্ব বা সংসদ সদস্যপদ এদিক-সেদিক হওয়ার কথা নয় বলে মনে করি।”
সংসদ সদস্য পদে বাধা আছে কি না- স্পষ্ট উত্তর চাইলে এই আইনজীবী বলেন, “বাধা সৃষ্টি হবে না। সাজাটা এখন বিচারাধীন।..আপিল বিচারাধীন বলে সংবিধানের ওই বিধানটি প্রযোজ্য হবে না।”
“পদে থাকা উচিত নয়’
রায় হাতে পেয়ে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, “আপিল বিভাগ রায়ে বলেছেন, ২৭ ধারায় অপরাধ প্রমাণের জন্য কোনো নোটিস দেওয়ার প্রয়োজন নেই। নোটিস প্রয়োজন শুধু ২৬ ধারার জন্য। যেহেতু মায়া চৌধুরীর ২৭ ধারায় সাজা হয়েছিল, কাজেই হাই কোর্ট বিভাগ সাক্ষ্য-সাবুদ বিচার-বিশ্লেষণ না করে, ২৭ ধারা সম্পর্কে কোনো আলোচনা না করে রায় দিয়েছিল। সেজন্য আপিল বিভাগ বলেছে, এই রায়টা বাতিল করে হাই কোর্ট বিভাগে পুনঃবিচারের জন্য পাঠালাম।”
“হাই কোর্ট বিভাগ নতুন করে আপিল শুনানি করবে এবং মেরিটে নিষ্পত্তি করবে, সাক্ষ্য-সাবুদ পর্যালোচনা করে নতুনভাবে আপিল শুনানি করে রায় দেবেন,” বলেন তিনি।
এ অবস্থায় মায়ার মন্ত্রী পদে থাকার সুযোগ আছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নে খুরশীদ আলম বলেন, “এটি জনগুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়টি সংসদে ডিবেটের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত।
“এখানে সংবিধানের ৬৬(২)(ঘ) যুক্ত। ২(ঘ) এর একটা ব্যাখ্যা প্রয়োজন, সেটি সংসদে আলোচনা হওয়া উচিত।”
সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে, যদি কেউ নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছরকাল অতিবাহিত না হয়ে থাকে, তবে তিনি সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না।
খুরশীদ আলম বলেন, “৬৬(২)(ঘ) পড়ে আমি যা বুঝেছি, তাতে আমার মনে হল উনি অপরাধে দোষী সাব্যস্ত, উনার আপিল এখন আবার পুনরায় শুনানি হবে, আপিলটা বিচারাধীন। কাজেই এ মুহূর্তে আমি মনে করি, উনার সংসদ সদস্য পদে থাকা উচিত না।”
এই মন্ত্রীর সাজা কি এখন বহাল- এ প্রশ্নে তিনি বলেন, “না, সাজার বিরুদ্ধে আপিল বিচারাধীন। আপিলে নিষ্পত্তি হবে, সাজা বৈধ কি না।
“যেহেতু উনার আপিল পুনর্বহাল হয়ে গেল, সেহেতু তিনি খালাসপ্রাপ্ত নেই।”
এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, দুদক আইনের ২৭ ধারার বিষয়ে শুনানি হবে। ২৬ ধারা থাকবে না এই কারণে যে, আপিল বিভাগ আগে রায় দিয়েছিলেন, ২৬ ধারায় যখন নোটিস দিয়েছিল, তখন কমিশন ছিল না (৭ ফেব্রুয়ারি ২০০৭ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত)। কাজেই কমিশন যেহেতু নাই, একজন সচিব নোটিস দিয়েছিলেন, সচিবের নোটিস দেওয়ার এখতিয়ার নাই।
এক্ষেত্রে শুধু ২৭ ধারার ওপর হাই কোর্টে শুনানি হবে বলে মনে করেন খুরশীদ আলম।
