২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগে দুর্যোগ মন্ত্রী: বিএনপি

দুর্নীতির যে মামলায় খালাসের রায় পেয়েছিলেন, তা বাতিল হওয়াকে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জন্য ‘দুর্যোগ’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন।     

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

খালাসের রায় বাতিল করে দেওয়া সর্বোচ্চ আদালতের আদেশের পর এই মন্ত্রীর নিজেই পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।  

রিপন মঙ্গলবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “দুর্যোগমন্ত্রী সাহেব নিজেই দুর্যোগের মধ্যে পড়েছেন।”

মায়ার সাজার রায় বহাল হয়ে যাওয়ায় তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদ নিয়ে যে বির্তক সৃষ্টি হয়েছে- সে বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জনতে চাইলে তিনি বলেন, সরকারের উচিৎ হবে বির্তক পরিহার করা।

“সরকারের একজন আইনমন্ত্রী আছেন, তিনি আইনের বই দেখে বলবেন। তবে আমরা মনে করি, দুর্যোগমন্ত্রীর মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদ থাকাটা আইনি ব্যাপারের চেয়েও নৈতিক ব্যাপার।”

“তিনি নিজে থেকে সরকারকে বিব্রতকর অবস্থা থেকে বাঁচাবেন, ব্যবস্থা নেবেন,” আশা করছেন বিএনপি নেতা।

Image
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (ফাইল ছবি)

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (ফাইল ছবি)

আট বছর আগের একটি দুর্নীতি মামলায় গত ১৪ জুন আওয়ামী লীগ নেতা মায়াকে খালাস করে হাই কোর্টের দেওয়া রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ দেয় সর্বোচ্চ আদালত।

২০০৭ সালের ১৩ জুন জরুরি অবস্থার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ওই মামলায় সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

পরের বছর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে তাকে পাঁচ কোটি টাকা জরিমানাও করা হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে যান। তার আপিলের শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর হাই কোর্ট বেঞ্চ তাকে খালাস দেয়।

পুরনো খবর:

মায়ার খালাসের রায় আপিলে বাতিল