‘চীন যে অবস্থানে, বিএনপিও সে অবস্থানে’
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে চীনের নেতা বাংলাদেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চাওয়ার প্রত্যাশা জানিয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।
সোমবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী কুও ইয়া চৌর সঙ্গে দলীয় চেয়ারপারসনের বৈঠকের পর একথা সাংবাদিকদের বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।
গুলশানে খালেদা জিয়ার বাসায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিএনপি নেতাকে প্রশ্ন করা হয়েছিল- বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না?
তখন মঈন খান বলেন, “বাংলাদেশের রাজনীতি নিয়ে চীনের অবস্থান হচ্ছে- অতীতে তারা স্পষ্টভাষায় বলেছিল, এখানে একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজ করতে হবে; যাতে এদেশে গণতন্ত্র শক্তিশালী হয়ে এদেশের উন্নয়ন প্রক্রিয়াগুলো অর্থপূর্ণ হতে পারে। চীন সেই অবস্থানে আজও রয়েছে, আমরাও সেই অবস্থানে রয়েছি।”
চীনের নেতাদের সঙ্গে বৈঠকে খালেদার সঙ্গে মঈন খান ছাড়াও ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক কূটনীতিক সাবিহ উদ্দিন আহমেদ।
চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্কের বিষয়ে মঈন খান বলেন, “বিএনপি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত দল, চীন এমন একটি দেশ, তারাও জাতীয়তাবাদে বিশ্বাস করে। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে নিবিড় সম্পর্ক।”
চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমানের ভূমিকাও তুলে ধরেন বিএনপির এই নেতা।
“চীন আমাদের পরীক্ষিত বন্ধু। এই সম্পর্ককে আমাদের এগিয়ে নিতে হবে।”
চীনের সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান সাবেক মন্ত্রী মঈন খান।
চীনা উপমন্ত্রী নেতৃত্বাধীন ৬ সদস্যের প্রতিনিধি দলে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মা মিংকিয়াংও ছিলেন। তবে বৈঠকের বিষয়ে তাদের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
