২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোদীর সঙ্গে সাক্ষাতের পর খালেদার মুখে হাসি ছিল’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক ‘সফল’ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নেতা আ স ম হান্নান শাহ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 10:11 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

শুক্রবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “যখন মোদী সাহেবের সঙ্গে আলোচনা শেষে বেগম জিয়া বেরিয়ে আসলেন, উনার মুখে হাসি ছিল। বাকি কথা বললাম না। ১৫ মিনিট একান্ত আলোচনা হয়েছে, সেসব কথা বলার অধিকার আমার নেই।

“তবে আওয়ামী লীগ এখন বুঝতে পারছে যে, ‘সেই দিন আর নাইরে নাতি, খাবলা খাবলা ছাতু খাইতি’।”

হান্নান শাহ বলেন, “ভারতের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে এই সরকার বাংলাদেশের জনগণের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন, সত্যিকার জনপ্রতিনিধিদের থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন। অবশ্য তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।”

৬ জুন দুই দিনের বাংলাদেশ সফরে এসে পরদিন হোটেল সোনারগাঁওয়ে বিরোধী দলীয় নেতা রওশাদ এরশাদসহ সরকারি দলের জোটসঙ্গী কয়েকটি দলের নেতাদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌজন্য সাক্ষাত হয়।

এরপর এই বিজেপি নেতার সঙ্গে দেখা করেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। প্রায় ১৫ মিনিট খালেদা-মোদী একান্ত আলোচনা হয় বলে সাক্ষাতের পর বিএনপি নেতারা গণমাধ্যমকে জানান।

সফর শেষে যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক বক্তৃতায়, বাংলাদেশকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ওই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

হান্নান শাহ বলেন, “জিয়াউর রহমান সাহেবের সময় ভারতের সঙ্গে যেসব চুক্তি করেছিলেন, তা গ্যারান্টি ক্লজসহ প্রতিটি চুক্তি বাস্তবায়িত হয়েছিল। এখন আমরা কী দেখলাম- ইন্দিরা-মুজিব চুক্তি ৪০ বছর পর বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিল ভারত।

“আর এবার যে ২২টি চুক্তি হয়েছে, আল্লাহ জানে কবে এইসব চুক্তি বাস্তবায়ন হবে। দ্রুত বাস্তবায়ন করবে যদি এতে ভারতের স্বার্থ বেশি থাকে। প্রেসিডেন্ট জিয়ার সময় সব চুক্তি জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল। আজকে আমি সরকারের কাছে দাবি করছি, ভারতের সঙ্গে সম্পাদিত সব চুক্তি ও সমঝোতা স্মারকের পূর্ণ বিবরণ জাতির সামনে তুলে ধরুন।

“জাতিকে বিচার করতে দিন, আপনারা কি আমাদের স্বার্থ অক্ষুন্ন রেখেছেন না বিরাট কমিশন পাওয়ার জন্য আন্তর্জাতিক টেন্ডার ছাড়া বিরাট কনট্রাক্ট ভারতকে দিয়ে দিচ্ছেন। কারণ আমরা স্বাধীন দেশ। জনগণের জানার অধিকার আছে।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, “আপনারা (আওয়ামী লীগ) বলছেন, আমরা জঙ্গি। জঙ্গি হচ্ছে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগে। অনেক জায়গায় দেখা যাচ্ছে বোমা মারাসহ অনেক অস্ত্র নিয়ে তারা ধরা পড়ছে। ফেনীতে আওয়ামী লীগের নেতাকে হত্যার জন্য তাদের ৮ নেতা ধরা পড়েছে।

Image
ঢাকার সোনারগাঁও হোটেলে গত ৭ জুন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন খালেদা জিয়া

ঢাকার সোনারগাঁও হোটেলে গত ৭ জুন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন খালেদা জিয়া

“তাই এটা আমাদের সকলের দায়িত্ব এই সরকারের সব অনৈতিক কাজের আমরা প্রতিবাদ করি।”

সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সুশীল বড়ুয়া, খ্রিষ্টান অ্যাসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা ও বৌদ্ধ ফ্রন্টের উপদেষ্টা সনত কুমার তালুকদার বক্তব্য রাখেন।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ইসলামিক পার্টির উদ্যোগে দলটির প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

প্রয়াত নেতার ছেলে বর্তমানে পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবালের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ২০ দলীয় জোটের আন্দালিব রহমান পার্থ, মোস্তফা জামাল হায়দার, খন্দকার গোলাম মূর্তজা, মুস্তাফিজুর রহমান ইরান, আজহারুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ মনি, ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আবু তাহের চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।

গত ৬ মে মস্তিষ্কে রক্তক্ষরণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মোবিন। পরদিন কুমিল্লার বরুড়ায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।