নাশকতা: খালেদার অভিযোগপত্র পর্যবেক্ষণে নতুন তারিখ
অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র পর্যবেক্ষণে নতুন দিন দিয়েছে আদালত।
মহানগর হাকিম শামসুল আরেফীন বৃহস্পতিবার অভিযোগপত্র পর্যবেক্ষণে ২৮ জুন পরবর্তী দিন রেখেছেন।
আদেশে তিনি বলেন, “তিনটি অভিযোগপত্র পর্যালোচনা করলাম। আরও পর্যালোচনা করা দরকার।”
সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক উজির আলী বলেন, “তিনটি অভিযোগপত্রই পর্যালোচনা করে গ্রহণ ও মামলা আমলে নেওয়ার জন্য ২৮ জুন মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেওয়া হবে বলে তারিখ রেখেছেন আদালত।”
এই আদালতের এই মামলাগুলোর অভিযোগপত্র গ্রহণের এখতিয়ার নেই। ভুল-ত্রুটি থাকলে তা সংশোধনের জন্য বলতে পারেন।
তবে ভুল না পাওয়া গেলে ২৮ জুন তা মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেওয়া হবে। এই মামলায় হত্যা, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে তিনটি অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
গত ৬ মে হত্যাসহ দণ্ডবিধির বেশ কয়েকটি ধারা এবং বিস্ফোরক আইনে দুই অভিযোগপত্র দেওয়া হয়। পরে বিশেষ ক্ষমতা আইনে আরেকটি অভিযোগপত্র দেয় পুলিশ।
মহানগর দায়রা জজ অভিযোগপত্র পাওয়ার পর অভিযোগ গঠনের শুনানি নেবে, তাতে সন্তুষ্ট হলে বিচার শুরুর আদেশ হবে। যদি তা হয় তাহলে দুর্নীতি মামলায় বিচারের সম্মুখীন খালেদা জিয়াকে নাশকতার মামলায়ও আদালতে দাঁড়াতে হবে।
গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে গত ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ শুরু হয়।
এর মধ্যেই ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে নূর আলম নামে এক ঠিকাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার পেচান গ্রামের বাসিন্দা দুই সন্তানের জনক নূর আলম ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। তার দেহের ৪৮ শতাংশ পুড়েছিল।
এরপর ৬৯ জনকে আসামি করে দুটি মামলা করেন যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান, যাতে অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসনকে করা হয় হুকুমের আসামি।
এজাহারে বলা হয়, “খালেদা জিয়া দেশব্যাপী অবরোধের ডাক দেন এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশে অচলাবস্থা নিশ্চিত করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন। তার ওই নির্দেশেই আসামিরা বাসে নাশকতা ঘটায়।”
মামলায় আসামি করা হলেও বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া ও সেলিমা রহমানকে বাদ দিয়েই অভিযোগপত্র দিয়েছেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে ৮১ জনকে সাক্ষী করা হয়েছে।
এই মামলায় গ্রেপ্তার সোহাগ ও লিটন নামে দুজনের হাকিমের কাছে জবানবন্দি দেওয়ার কথা উল্লেখ করে অভিযোগপত্রে বলা হয়েছে, কারা কারা জড়িত, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা তার বিস্তারিত বর্ণনা দিয়েছে ওই দুই আসামি।
অবরোধ এবং সেই সঙ্গে বিএনপি জোটের হরতালে তিন মাসে নাশকতা ও সহিংসতায় দেড়শ’ জনের মৃত্যু হয়, যার অর্ধেকের বেশি মারা যান গাড়িতে অগ্নিসংযোগ কিংবা পেট্রোল বোমা নিক্ষেপের কারণে।
তখন বেশ কয়েকটি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ীর মামলার তদন্তই সবার আগে শেষ হল।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা রয়েছে। এগুলো হচ্ছে- গ্যাটকো, নাইকো, বড়পুকুরিয়া, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা।
এর মধ্যে নিম্ন আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে। অন্য তিনটি মামলার বিচার হাই কোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।
