২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির যুক্তরাজ্য শাখায় নতুন কমিটি

দুই বছরের মেয়াদ শেষে বিএনপির যুক্তরাজ্য শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 04:55 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার সকালে দলীয় প্যাডে সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১০১ সদস্যের এই কমিটিতে শায়েস্তা চৌধুরী কুদ্দুসকে প্রধান উপদেষ্টা, আবদুল মালেককে সভাপতি ও এম কয়সার আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সর্বশেষ ২০১৩ সালের ২৯ মে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়।

যুক্তরাজ্য বিএনপির ওই কমিটিতে প্রধান উপদেষ্টা ছিলেন আবদুল মালেক; শায়েস্তা চৌধুরী কুদ্দুসকে সভাপতি ও এম কয়সার আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।

ওই কমিটি গঠনের অনেক ত্যাগী নেতা-কর্মীকে বাদ দিয়ে নবীন ও অনভিজ্ঞ নেতাকে পদ দেওয়ার অভিযোগ উঠে সংগঠনের মধ্যে। ওই কমিটির মেয়াদে সাংগঠনিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবে তারেকের উপস্থিতিতে বেশ কয়েকটি সভা-সমাবেশ হাতাহাতি হয়। এমনকি একটি ইফতার পার্টিতেও বিশৃঙ্খলা হয়।

এই প্রেক্ষাপটে মেয়াদ শেষে নতুন কমিটি নির্বাচন করতে ১২ মে লন্ডনে বিভিন্ন জোনাল কমিটির নেতাদের সঙ্গে তারেক রহমান আলোচনা করেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১২ সেপ্টেম্বের চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।

সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে প্রায় এক ডজন দুর্নীতির মামলা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান তিনি। স্ত্রী-সন্তান নিয়ে তখন থেকে সেখানেই রয়েছেন তারেক।