সালাহ উদ্দিনকে পেয়ে খালেদার মুখে কুলুপ: মায়া
সালাহ উদ্দিনকে মেঘালয়ে পাঠিয়ে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে গুমের অভিযোগ তুললেও তার খোঁজ পাওয়ার পর তিনি মুখে কুলুপ এঁটেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগের এক আলোচনা সভায় একথা বলেন সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী।
মোফাজ্জল হোসেন বলেন, “তিনি (খালেদা) সালাহ উদ্দিনকে মেঘালয়ে পাঠিয়ে সরকার তাকে গুম করেছে বলে প্রতিদিন আওয়াজ করতেন। যখন সালাহ উদ্দিনকে পাওয়া গেল, তখন তিনি মুখে কুলুপ আটকালেন। জনগণ এর রহস্য জানতে চায়।”
দুই মাস আগে ঢাকা থেকে ‘নিখোঁজ’ হওয়ার পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিবের সন্ধান পাওয়া যায়।
আচরণ অসংলগ্ন মনে হওয়ায় তাকে প্রথমে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে স্থানান্তর করা হয় শিলং সিভিল হাসপাতালে।
৫৪ বছর বয়সী সালাহ উদ্দিন দাবি করেছেন, অচেনা এক দল লোক তাকে উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়েছিল। এরপর থেকে আর কিছুই তিনি মনে করতে পারছেন না।
তার বিরুদ্ধে এর মধ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে শিলং পুলিশ।
একই আলোচনা সভায় অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে বলেন, “বিএনপির স্বার্থে আপনার (খালেদা) এবং আপনার ছেলের উচিৎ দল থেকে পদত্যাগ করা।
“আর বিএনপি নেতাদের উচিৎ, দেশের স্বার্থে এরকম নেতৃত্বের প্রতি অনাস্থা জ্ঞাপন করে তাদেরকে পদত্যাগে বাধ্য করে জনগণের কাতারে এসে দেশের উন্নয়নে অবদান রাখা।”
আন্দোলনে ব্যর্থ হয়ে এবং সিটি নির্বাচনে হেরে হতাশাগ্রস্ত বিএনপি এখন ব্রহ্মচারী দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন হানিফ।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।
