হাসিনার নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাজেদার
শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আগের দিন শনিবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় এক সভায় নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
সাজেদা চৌধুরী বলেন, “আওয়ামী লীগকে শক্তিশালী না করলে বাঙালি জাতীয়তাবাদ থাকবে না। বঙ্গবন্ধুর আদর্শ থাকবে না। শেখ হাসিনা যে আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই আদর্শ শেষ হয়ে যাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে তার পিছনে না থাকি, তাহলে বাংলাদেশ থাকবে না।”
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। কিন্তু সে দিন বেশি দূরে নয় যেদিন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২০০৯ সালে অঙ্গীকার করছেন, ২০২১ সালে আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।”
সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিটি নির্বাচনে প্রার্থীদের ভোট বর্জন করতে বলেছিলেন। কিন্তু তারা যদি বর্জন করতো তাহলে তাদের কাউন্সিলররা কেমনে পাশ করলো? তারা মুখে বলে বর্জন আর তাদের কাউন্সিলররা শপথ গ্রহণ করে।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক প্রমুখ বক্তব্য দেন।
